রাজনীতি
বিজেপি নেতার বাড়িতে হামলা! কাঠগড়ায় তৃণমূল নেতা শেখ সুফিয়ান
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দোরগোড়ায় দাঁড়িয়ে ফের অশান্তির আগুনে পুড়ছে নন্দীগ্রাম। গভীর রাতে নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি (Bombing) করার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের ডাকসাইটে নেতা শেখ সুফিয়ান (Sheikh Sufiyan) ও শামসুল ইসলামের দিকে।
বিজেপির অভিযোগ, মাঝরাতে দুষ্কৃতীরা আব্বাসের বাড়ির দরজায় বোমা ফাটায়। বিকট শব্দে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা ছুটে এলে আরও দুটি তাজা বোমা (Live Bombs) ফেলে চম্পট দেয় হামলাকারীরা। আব্বাস বেগের দাবি, বিজেপি করার কারণে শেখ সুফিয়ান তাঁকে দীর্ঘদিন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সামাজিক বয়কটের (Social Boycott) হুমকি দিচ্ছিলেন। তাঁর অভিযোগ, পুলিশের ওপর কোনো ভরসা নেই, তাই এই ঘটনার নিরপেক্ষ এনআইএ (NIA) তদন্ত প্রয়োজন।
অন্যদিকে, তৃণমূল নেতা শেখ সুফিয়ান যাবতীয় অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (Politically Motivated) বলে উড়িয়ে দিয়েছেন। আব্বাস বেগকে কটাক্ষ করে তিনি পাল্টা দাবি করেন যে, আব্বাস একজন ‘চোর’ এবং তাঁকে নিয়ে মাথা ঘামানোর সময় তাঁর নেই। তিনি বিজেপিকে স্রেফ ভিডিও প্রমাণ দাখিলের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ঘটনার খবর পেয়ে আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি নিষ্ক্রিয় (Defuse) করে। ভোটের আগে নন্দীগ্রামে এই ‘বোমা-রাজনীতি’ পুনরায় ফিরে আসায় এলাকায় তীব্র আতঙ্ক (Panic) ছড়িয়েছে।


