ভাইরাল খবর
এসএসসি নিয়োগ দুর্নীতি: ‘দাগি’ প্রার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছল শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, নবম-দশম (Class IX-X) ও একাদশ-দ্বাদশ (Class XI-XII) শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা যথাক্রমে ৭ ও ১৪ সেপ্টেম্বর-এ পূর্বঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে।
এসএসসি (SSC)-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আদালতকে জানিয়েছেন, শনিবারের মধ্যেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় রয়েছেন প্রায় ১,৯০০ জন ‘দাগি’ প্রার্থী, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
বিচারপতি সঞ্জয় কুমার (Justice Sanjay Kumar) এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা (Justice Satish Chandra Sharma)-র ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, একজন অযোগ্য প্রার্থীকেও পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এই বিষয়ে দায়িত্ব থাকবে এসএসসি কর্তৃপক্ষের ওপর।
আদালতের পর্যবেক্ষণ, যাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি করছেন, তাঁরাও এই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন, তবে যাঁরা ইতিমধ্যে ‘অযোগ্য’ ঘোষিত হয়েছেন, তাঁদের কোনওভাবেই অংশগ্রহণ করার সুযোগ নেই।
শুক্রবার শুনানির সময় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল বক্তব্য রাখতে চাইলে আদালত কড়া ভাষায় বলেন, “এটা কোনও জনসভা নয়, মামলা না থাকলে বসে থাকুন।”
প্রসঙ্গত, আগে থেকেই নির্ধারিত সময় অনুযায়ী অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে। এসএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছিল আবেদনকারীদের সুবিধার্থে।
প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী এই দুই স্তরের নিয়োগ পরীক্ষায় বসবেন। ফলে উত্তেজনা ও প্রস্তুতির চাপ দুই-ই এখন চরমে। আদালতের এই রায় পরীক্ষার্থীদের মধ্যে স্পষ্টতা এনে দিল।


