ডিজিটাল ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) মৌখিক নির্দেশে রাজ্য সরকারকে জানিয়ে দেন, এখনই কোনও ভাতা বিতরণ করা যাবে না।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি ঘোষণা করেছিলেন, SSC দুর্নীতির জেরে চাকরি হারানো কর্মীদের মাসে গ্রুপ সি-র জন্য ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র জন্য ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। রাজ্য সরকারের দাবি, সুপ্রিম কোর্টে (Supreme Court) রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে। তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ নিউটন যে বাংলাদেশি, তাও জানত তৃণমূল! স্থানীয় নেতার মুখে চাঞ্চল্যকর দাবি
বঞ্চিত প্রার্থীদের দাবি, যদি ভাতা দিতেই হয়, তবে ২০১৬ সালের SSC পরীক্ষায় অংশ নেওয়া সমস্ত চাকরিপ্রার্থীকে সেই সুবিধা দিতে হবে। কারণ, তারাই প্রকৃত বঞ্চিত এবং দুর্নীতির বলি। শুধু চাকরি হারানোদের ভাতা দিলে আদালতের রায়কে ঘুরপথে বাতিল করার চেষ্টা হবে বলে অভিযোগ তাঁদের।
এদিন মামলাকারীদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনি আদালতে বলেন, “হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে। সেই চাকরিপ্রাপ্তদের ভাতা দিয়ে রাজ্য সরকার আদালতের রায়কে অবজ্ঞা করছে। রাজ্যের এই সিদ্ধান্ত দুর্নীতি আড়াল করার চেষ্টা।” তাঁর আরও বক্তব্য, “চাকরির সিদ্ধান্তে আদালতের রায় রয়েছে। ভাতা দেওয়ার কোনও অধিকার রাজ্যের নেই।”
বিচারপতি সিনহা জানান, মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। সেই দিন রাজ্য সরকার তাদের মতামত পেশ করবে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত ভাতা বিতরণে স্থগিতাদেশ বহাল থাকবে।