বিনোদন
সাইয়ারা ছবির সাফল্যে পিছিয়ে গেল সন অফ সর্দার ২ ও আন্দাজ ২
মোহিত সুরির পরিচালনায় তৈরি ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে যে সাফল্য পেয়েছে, তা বলিউডের অন্য নির্মাতাদের পরিকল্পনায় বড় রকম প্রভাব ফেলেছে। এই ছবির ব্যতিক্রমী সাফল্যই পিছিয়ে দিল আরও দুটি বহুল প্রতীক্ষিত ছবির মুক্তি—‘সন অফ সর্দার ২’ ও ‘আন্দাজ় ২’।
মূলত, ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগণের ‘সন অফ সর্দার ২’। নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, ছবিটি এখন মুক্তি পাবে ১ অগস্ট। অন্য দিকে, সুনীল দর্শনের ছবি ‘আন্দাজ় ২’ মুক্তি পাওয়ার কথা ছিল ১ অগস্ট। সেটিও পিছিয়ে গিয়ে ৮ অগস্টে মুক্তি পাবে।
পরিচালক সুনীল দর্শন জানাচ্ছেন, “মোহিত সুরির ‘সাইয়ারা’ এত বড় ওপেনিং নেবে, তা আগে থেকে কেউ বুঝতে পারেনি। এখন বোঝা যাচ্ছে, আগামী এক সপ্তাহ দর্শক ‘সাইয়ারা’ নিয়েই ব্যস্ত থাকবে। সেই কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়াটা প্রয়োজন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “সিনেমা হল পাওয়াও একটা বড় চ্যালেঞ্জ। একটি ছবি যদি ভালো চলে, তাহলে তার স্ক্রিন সংখ্যা বাড়ে। অন্যদিকে, নতুন ছবির জন্য হল পাওয়া মুশকিল হয়, আর এত কম হলে মুক্তি দিয়ে লাভও হয় না।”
‘আন্দাজ় ২’ একটি নবাগত শিল্পীদের ছবি। তাই ভালো বক্স অফিস ওপেনিং পাওয়াটা খুবই জরুরি। দর্শনের মতে, “যশ রাজ ফিল্মসের মতো ব্যানার যখন পেছনে থাকে, তখন ছবি অনেক বেশি হল এবং প্রচার পায়। অন্য নির্মাতারা সেটা মাথায় রেখেই ছবি পিছিয়ে দিচ্ছেন, যাতে একে অপরের ব্যবসায় প্রভাব না পড়ে।”
প্রযোজকদের মতে, ইন্ডাস্ট্রি এখন ব্যবসা সচেতন। একে অপরের সাফল্যের পথে বাধা না দিয়ে বরং সামঞ্জস্য রেখে সবাই ব্যবসা করতে চাইছেন। কারণ, এক ছবির ব্যর্থতা পুরো ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করে, সেটা এখন সবাই বুঝতে শিখেছে।