বেআইনি সাপের খেলা দেখানো, লকডাউনে বিপাকে বেদে সম্প্রদায়ের লোকজন
Connect with us

মালদা

বেআইনি সাপের খেলা দেখানো, লকডাউনে বিপাকে বেদে সম্প্রদায়ের লোকজন

Dipa Chakraborty

Published

on

চাঁচল , ৯ জুন :  বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্ধ সাপের খেলা দেখানো। ফলে অন্নসংস্থানে চরম সমস্যায় পড়েছে চাঁচল ২ ব্লকের কাণ্ডারণের বেদে সম্প্রদায়৷

এই এলাকায় ২০০ পরিবারের বাস রয়েছে। বংশ পরম্পরায় এই মানুষেরা সাপের খেলা দেখিয়ে আসছে বিভিন্ন এলাকায়। কিন্তু সাপের খেলা দেখানো এখন বেআইনী। খেলা দেখাতে গেলে গ্রেপ্তার করছে বন দপ্তর৷ পরিস্থিতির প্রয়োজনে ইতিমধ্যেই পেশা বদলেছেন অনেকে৷ কিন্তু লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে সেই কাজও। যারা অন্যকোন কাজের সঙ্গে যুক্ত হতে পারেনি, ভিক্ষে তাদের বেঁচে থাকার সম্বল। কিন্তু লকডাউনে তা বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পড়েছে এই এলাকার বেদে সম্প্রদায়ের মানুষজন। অর্ধাহার, অনাহারে দিন গুজরান করতে হচ্ছে তাদের। সংকটকালীন এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালো চাঁচল থানার পুলিশ প্রশাসন। থানার তরফে প্রায় দুশো বেদে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বেবিফুড সহ নানান খাদ্য সামগ্রী। আইসি সুকুমার ঘোষ জানান, বেদে সম্প্রদায়ের সমস্যার কথা জেনে এলাকার কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাহায্য নিয়ে এবং চাঁচল থানা পুলিশ প্রশাসনের আর্থিক সহযোগিতায় তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। যদিও তাৎক্ষণিক এই সহায়তার পরিবর্তে স্থায়ী কর্মসংস্থানের দাবী জানিয়েছে এই বেদে সম্প্রদায়ের লোকজন। এমনিতেই সাপের খেলা দেখিয়ে, তাবিজ বিক্রি করে কায়ক্লেশে দিন গুজরান হত তাদের। এদিকে সরকার আইন করে সাপ খেলা দেখানো বন্ধ করে দিয়েছে৷ ফলে কোন স্থায়ী পেশা নেই তাদের। এই কারণে তাদের পরবর্তী প্রজন্মকে যাতে এই পেশায় আসতে না হয় সেজন্য সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার আর্জি জানিয়েছেন বেদে সম্প্রদায়ের মানুষজন।

Continue Reading
Advertisement