ভাইরাল খবর
নির্বাচনের আগে বিতর্কিত ভিডিয়ো নিয়ে চাপ বাড়ল, আদালতের রায়ে বেকায়দায় কংগ্রেস
ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীকে (Heeraben Modi) নিয়ে তৈরি AI (Artificial Intelligence) ভিডিয়ো ঘিরে বড় বিতর্ক তৈরি হল। বুধবার পাটনা হাইকোর্ট (Patna High Court) কংগ্রেসের বিহার ইউনিটকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার (social media) সব প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে।
জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার ইউনিট একটি ৩৬ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করে। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী স্বপ্নে তাঁর মায়ের সঙ্গে কথোপকথনে ব্যস্ত, যেখানে হীরাবেন মোদী তাঁর ছেলের রাজনীতির সমালোচনা করছেন এবং বিহারের ভোট নিয়ে প্রশ্ন তুলছেন।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিজেপি (BJP) ও এনডিএ জোট (NDA alliance) তীব্র প্রতিক্রিয়া জানায়। বিজেপির দাবি, এটি প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মায়ের সম্মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে, পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পি বি বজন্ত্রি (Chief Justice P. B. Bajanthri) নির্দেশ দেন, বিতর্কিত ভিডিয়োটি দ্রুত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে।
তবে কংগ্রেসের দাবি, ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী বা তাঁর মাকে অশ্রদ্ধা করা হয়নি। তাদের বক্তব্য, এটি একটি ব্যাঙ্গাত্মক (satirical) উপস্থাপনা ছিল মাত্র।
ঘটনার পর দিল্লি বিজেপির ইলেকশন সেলের আহ্বায়ক সঙ্কেত গুপ্ত (Sanket Gupta) কংগ্রেস ও তাদের আইটি সেলের বিরুদ্ধে নর্থ অ্যাভিনিউ থানায় (North Avenue Police Station) অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এই ভিডিয়ো শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, তাঁর মা ও দেশের মা-বোনেদেরও অপমান করে।
উল্লেখ্য, এ এক মাসের মধ্যে দ্বিতীয়বার মোদী ও তাঁর মাকে নিয়ে বিতর্ক তৈরি হল। এর আগে, ২৭ অগাস্ট বিহারের দরভাঙায় কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ (Voter Adhikar Yatra)-তে একটি সভা থেকে মোদী ও হীরাবেনকে নিয়ে কটাক্ষ করা হয়। সেই সময় নিজেই প্রকাশ্য সভা থেকে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “এই ধরনের মন্তব্য শুধু আমার মা নয়, দেশের সব মা, বোন ও কন্যাদের অপমান করে।”


