দেশের খবর
আরএসএস শতবর্ষে নয়া ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শতবর্ষ উপলক্ষে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে নয়া ডাকটিকিট (Postage Stamp) এবং ১০০ টাকার স্মারক মুদ্রা (Commemorative Coin) উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) ও সংঘের শীর্ষ নেতৃত্ব। আরএসএস-এর অবদানকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সংঘের গৌরবময় শতবর্ষ ত্যাগ, নিঃস্বার্থ দেশসেবা, সমাজগঠন এবং শৃঙ্খলার এক অনন্য উদাহরণ।”
মোদির কথায়, ১৯৬৩ সালে আরএসএসের স্বেচ্ছাসেবকরা ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। দেশপ্রেমে ভরপুর সেই পদযাত্রার প্রতিফলন আজকের ডাকটিকিট ও মুদ্রায়ও ধরা পড়েছে। তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই স্মারক প্রকাশ কেবল সংঘের নয়, গোটা দেশের ঐতিহ্যের প্রতিফলন।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “আগামীকাল বিজয়া দশমী। শুভের জয় আর অশুভের পরাজয়ের প্রতীক এই উৎসব। ১০০ বছর আগে এই দিনে আরএসএস প্রতিষ্ঠা কাকতালীয় নয়, বরং ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিক পুনর্জাগরণ।”
নয়া স্মারক মুদ্রা প্রসঙ্গে মোদি জানান, ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার (Bharat Mata) প্রতিচ্ছবি কোনও মুদ্রায় প্রকাশিত হয়েছে। ১০০ টাকার এই বিশেষ মুদ্রার একপাশে রয়েছে জাতীয় প্রতীক (National Emblem), অপর পাশে সিংহমূর্তি ও ভারত মাতার প্রতিচ্ছবি, সঙ্গে খোদাই রয়েছে সংঘের মূল মন্ত্র।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে যেমন ফুটে উঠল সংঘের প্রশংসা, তেমনই প্রতিফলিত হল ভারতীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রচেষ্টা।


