বকেয়া ডিএ মেটানো শুরু নবান্নের! ৩১ মার্চের আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা
Connect with us

রাজ্যের খবর

বকেয়া ডিএ মেটানো শুরু নবান্নের! ৩১ মার্চের আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শীর্ষ আদালতের (Supreme Court) কড়া নির্দেশের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৩১ মার্চের সময়সীমা (Deadline) শেষ হওয়ার আগেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য অর্থ দপ্তর (Finance Department)। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রাপ্তিতে খুশির হাওয়া বইলেও, টাকার ‘পরিমাণ’ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মেটানো হচ্ছে। আগে এটি দুটি কিস্তিতে (Instalments) দেওয়ার কথা থাকলেও, নবান্ন বিজ্ঞপ্তি সংশোধন করে জানিয়েছে যে ১০০ শতাংশ বকেয়া এখন এক দফাতেই দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত (Retired) ও পারিবারিক পেনশনভোগীরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। অন্যদিকে, এ, বি এবং সি গ্রুপের কর্মীদের টাকা জমা হবে জিপিএফ (GPF) অ্যাকাউন্টে, যা ২ বছর তোলা যাবে না।

তবে এই খুশির মাঝেও ‘অসম্পূর্ণ’ হিসেবের অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি, “যেখানে ১০০ টাকা দেওয়ার কথা, সেখানে সরকার পাঠাচ্ছে মাত্র ৫৩ টাকা।” অর্থাৎ প্রাপ্যর (Due) তুলনায় অনেকটাই কম টাকা দিয়ে দায় সারা হচ্ছে বলে অভিযোগ। অল ইন্ডিয়া কনজিউমার ইনডেক্স (AICPI) অনুযায়ী সঠিক হিসেব না মেলায় ক্ষুব্ধ কর্মীরা। এই ‘বঞ্চনার’ প্রতিবাদে এবং সঠিক পাওনার দাবিতে শীঘ্রই অর্থ দপ্তরকে চিঠি (Letter) দিতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো। ভোটের মুখে সরকারের এই পদক্ষেপ কর্মীদের মন জয় করতে পারে কি না, এখন সেটাই দেখার।

Advertisement
ads
Continue Reading
Advertisement