রাজ্যের খবর
না ফেরার দেশে মোহনবাগানের অভিভাবক টুটু বসু! শোকপ্রকাশ অভিষেক-মমতা এবং শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ বাংলার ক্রীড়াঙ্গনে নক্ষত্রপতন। মোহনবাগান ক্লাবের অভিভাবক, প্রাক্তন সভাপতি এবং প্রবাদপ্রতিম ক্রীড়া প্রশাসক স্বপনসাধন বসু, যিনি ‘টুটু বসু’ (Tutu Bose) নামেই আপামর বাঙালির হৃদয়ে বেঁচে ছিলেন, ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশন (Ventilation) সাপোর্টে ছিলেন।
টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া ও রাজনৈতিক মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করে বলেন, “মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক।” শোকবার্তা পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১৯৯১ সাল থেকে প্রায় তিন দশক ধরে সরাসরি ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে টুটু বসু মোহনবাগানকে পেশাদার ক্লাবে রূপান্তরিত করেছেন। ক্লাবের আর্থিক সংকট বা বিদেশি ফুটবলার (Foreign Footballer) সই করানো—সব ক্ষেত্রেই তিনি ছিলেন দলের অঘোষিত ত্রাতা। মোহনবাগান রত্ন এই ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকালে বালিগঞ্জের বাসভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে ভবানীপুর ক্লাব এবং পরবর্তীকালে তাঁর প্রিয় ‘সবুজ-মেরুন’ (Green-Maroon) তাঁবুতে। বিকেল সাড়ে চারটেয় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ময়দানের অভিভাবক হিসেবে তাঁর শূন্যস্থান পূরণ করা অসম্ভব, যা চিরকাল ফুটবল প্রেমীদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
