রাজনীতি
তৃণমূল কর্মীর বাড়িতে ‘জঙ্গিদের অস্ত্র’? স্টেন গান-সহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ পানিহাটির (Panihati) এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে মিলল এমন অস্ত্রভাণ্ডার, যা দেখে হতবাক পুলিশ। বাড়িতে মজুত ছিল এমন একটি স্টেন গান (Sten Gun), যা সচরাচর দেখা যায় কাশ্মীরি জঙ্গিদের হাতে। সঙ্গে উদ্ধার হয়েছে দেশি রিভলভার ও বিপুল পরিমাণ কার্তুজ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রশস্ত্র অন্য কোথাও পাচার করার আগে তা এখানে গোপন রাখা হয়েছিল।
সোমবার (Monday) রাতে খড়দা থানার (Khardah PS) পুলিশ হানা দেয় তৃণমূল কর্মী নইম আলি ওরফে ‘নেপালি’র বাড়িতে। পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে (Ward No. 6) থাকা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি স্টেন গান, ৩টি দেশি রিভলভার ও প্রচুর গুলি উদ্ধার করে। অভিযুক্ত নইম আলিকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি, তিনি ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ সূত্রে খবর, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুনঃ তৃণমূলেই কি বিশ্বাসঘাতক? ভাইরাল অডিয়োর পেছনে নিজের লোকের হাত?
নইম আলি এলাকায় পরিচিত মুখ এবং স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ দে (Bishwanath Dey)-র ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার সূত্র ধরে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, “ওই এলাকায় তৃণমূলকে টাকা না দিয়ে একটা ইটও বসানো যায় না। এরা দিনের পর দিন অস্ত্রের জোরে সন্ত্রাস কায়েম করে রেখেছে। এখন পুলিশ নাটক করছে, মানুষ সব জানে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এত বিপুল পরিমাণ অস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। কোথা থেকে এসেছে এই ‘জঙ্গিদের অস্ত্র’? স্থানীয় রাজনীতির সঙ্গে কি এর কোনও যোগ রয়েছে? সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে অস্বস্তিতে শাসকদল। তবে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
