শরীর নিয়ে ঠাট্টার জবাবে ভয়ঙ্কর প্রতিশোধ, বন্ধুদের গুলি করে দিলেন অপমানিত যুবক
Connect with us

হামলা

শরীর নিয়ে ঠাট্টার জবাবে ভয়ঙ্কর প্রতিশোধ, বন্ধুদের গুলি করে দিলেন অপমানিত যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজকের দিনে কাউকে ‘রোগা’ বা ‘মোটা’ বলা যে কতটা স্পর্শকাতর, তার জ্বলন্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। শরীর নিয়ে মজা করতে গিয়েই ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। অপমান সহ্য না করতে পেরে রাগের মাথায় বন্দুক তুলে নিলেন এক যুবক। দুই বন্ধুকে লক্ষ্য করে চালিয়ে দিলেন গুলি। ঘটনাটি ঘটেছে গোরখপুরের (Gorakhpur) খাজনি (Khajni) এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযুক্ত অরুণ চৌহান (Arun Chauhan)। সেখানেই তাঁর চেহারা নিয়ে কটূক্তি করেন অন্য দুই আমন্ত্রিত—অনিল চৌহান (Anil Chauhan) ও শুভন চৌহান (Shubhan Chauhan)। ‘মোটা’ বলে ব্যঙ্গ করার ফলে প্রচণ্ড অপমানিত বোধ করেন অরুণ। এরপর অনুষ্ঠান মিটে যাওয়ার পর ঘটনাটি ভয়াবহ রূপ নেয়।

পুলিশ জানায়, অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই অরুণ তাঁর বন্ধু আসিফ খানের (Asif Khan) সঙ্গে মিলে হাইওয়েতে ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। একটি টোল প্লাজার কাছে জোর করে গাড়ি থামিয়ে, নামিয়ে গুলি চালানো হয় অনিল ও শুভনের উপর। গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। আহত অবস্থায় দুই যুবককে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পর শুক্রবার খাজনি থানায় (Khajni Police Station) অভিযোগ দায়ের করেন আক্রান্তদের পরিবার। অভিযুক্ত অরুণকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনে কোনও পূর্ব পরিকল্পনা বা পুরনো শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
ads ads

এই ঘটনাটি ফের একবার প্রমাণ করল, আজকের সমাজে শরীর নিয়ে মন্তব্য করা মোটেই ‘হালকা মজার’ বিষয় নয়। বহু মানুষ এমন কথাকে ব্যক্তিগত আঘাত হিসেবেই নিচ্ছেন, এবং তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা গোরখপুরের ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Continue Reading
Advertisement ads