দেশের খবর
আন্দামানে ‘জ্বালানির সোনা’: ২ লক্ষ কোটি লিটার তেলের ভাণ্ডারের সন্ধান, বদলে যেতে পারে ভারতের অর্থনীতি
আন্দামান সাগরের বুকে লুকিয়ে থাকা ‘যখের ধন’-এর খোঁজ পেল ভারত! কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানালেন, ওই অঞ্চলে প্রায় ২ লক্ষ কোটি লিটার অপরিশোধিত খনিজ তেলের সম্ভাব্য ভাণ্ডার পাওয়া গিয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তবে তা শুধু জ্বালানির নিরাপত্তাই নয়, ভারতের অর্থনৈতিক কাঠামোকেও আমূল রূপান্তর করতে পারে।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “আমাদের যদি এই অনুমান সঠিক হয়, তবে ভারতের জিডিপি পাঁচগুণ বাড়তে পারে। গুয়ানার মতো ছোট দেশ যেখানে তেলের খনির জেরে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, সেখানে ভারতের ক্ষেত্রেও একই সম্ভাবনা তৈরি হচ্ছে।”
তিনি আরও জানান, ভারত বহুদিন ধরেই শক্তি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করছে। এই আবিষ্কার সেই লক্ষ্যের এক বিরাট পদক্ষেপ। “এই তেলের খনি যদি উৎপাদনের উপযোগী হয়, তাহলে বিদেশি আমদানির প্রয়োজন অনেকটাই কমে যাবে। ভারত জ্বালানির দিক থেকে আত্মনির্ভর হয়ে উঠবে।”
আরও পড়ুন – জি৭ সম্মেলনের আগে সাইপ্রাস সফরে বিশেষ সম্মান, মোদীর কূটনৈতিক সাফল্য
মন্ত্রী আরও জানিয়েছেন, ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত ভারতের জ্বালানি অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। কিন্তু মোদি সরকারের নতুন নীতির ফলে এখন অনুসন্ধানে জোর দেওয়া হচ্ছে। ২০২৪ অর্থবর্ষে ওএনজিসি ৫৪১টি কূপ খুঁড়েছে, যা গত ৩৪ বছরে সর্বাধিক। ইতিমধ্যেই অসম, গুজরাট, রাজস্থান, মুম্বই, কৃষ্ণা-গোদাবরী, বিশাখাপত্তনম, মাঙ্গালোর ও পাদুর সহ বিভিন্ন এলাকায় খনিজ তেলের খোঁজ মিলেছে। ওড়িশা ও রাজস্থানেও নতুন তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে।
এতদিন ভারতের ৮৫% জ্বালানি তেল আমদানি করতে হতো। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে আন্তর্জাতিক অস্থিরতা ভারতের জন্য জ্বালানি সংকট তৈরি করত। ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি সেই ঝুঁকিকে আরও বাড়িয়েছে। ঠিক এমন সময় আন্দামানে তেলের খনি দেশের সামনে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।
