ভাইরাল খবর
ভোটের আগে কয়লা পাচার মামলায় ইডির জালে ২ ব্যবসায়ী, উদ্ধার বিপুল নগদ
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ফের রাজ্যে সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate – ED)। ঝাড়খণ্ড–আসানসোল কয়লা পাচার মামলা (Coal Smuggle Scam)-য় প্রথমবার কোনও কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত দুই ব্যবসায়ীর নাম কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডল।
ইডি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদের (Interrogation) সময় তদন্তে অসহযোগিতা এবং বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সোমবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় সংস্থার দাবি, চিন্ময় মণ্ডল কয়লা পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ‘লালা’-র ঘনিষ্ঠ। অন্যদিকে, কিরণ খাঁ একসময় কয়লা মাফিয়ার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে নিজেকে কয়লা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেন।
এই মামলার সূত্র ধরেই চলতি মাসের শুরুতে আসানসোলের রানিগঞ্জ, জামুরিয়া-সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান (Search Operation) চালায় ইডি। এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হয় প্রায় দেড় কোটি টাকা নগদ (Cash Seizure), যা তদন্তে নতুন মাত্রা যোগ করে। একই দিনে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
ইডির দাবি, এই গ্রেফতারির মাধ্যমে কয়লা পাচার চক্রের আর্থিক নেটওয়ার্ক (Financial Network) এবং রাজনৈতিক-প্রশাসনিক যোগসূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ধৃতদের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইন (PMLA)-এ মামলা রুজু করা হয়েছে।


