ভাইরাল খবর
উত্তর বাংলায় সিটি গ্যাস পরিষেবা চালু, বললেন মোদি—“বাংলার উন্নয়নই ভারতের ভিত্তি”
ডিজিটাল ডেস্ক: বাংলার উত্তর প্রান্তে আর্থিক উন্নয়নের পথে বড় পদক্ষেপ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার (Alipurduar) থেকে কোচবিহার (Cooch Behar) পর্যন্ত সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনের মাধ্যমে এই দুই জেলার প্রায় আড়াই লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানান তিনি। একইসঙ্গে নির্মিত হবে সিএনজি (CNG) স্টেশনও, যার ফলে পরিবহণ ব্যয় হ্রাস ও দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মত প্রধানমন্ত্রীর।
প্রকল্প উদ্বোধনের পর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার বিকাশ ভারতের ভবিষ্যতের ভিত। আজ এক মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।” তিনি আরও জানান, সিলিন্ডার কেনার দিন শেষের পথে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ আরও সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হবে।
প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ২০১৪ সালের আগে মাত্র ৬৬টি জেলায় সিটি গ্যাস নেটওয়ার্ক ছিল, যা বর্তমানে ৫৫০টিরও বেশি জেলায় বিস্তৃত। উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) শুরু হওয়ার পর গৃহিণীরা ধোঁয়া মুক্ত রান্নার সুবিধা পাচ্ছেন। তাঁর কথায়, “২০১৪ সালে দেশের এলপিজি সংযোগ ছিল ১৪ কোটিরও কম, বর্তমানে তা বেড়ে হয়েছে ২১ কোটি। এর পেছনে রয়েছে আমাদের সরকারের সদিচ্ছা ও পরিকল্পিত গ্যাস নেটওয়ার্ক বিস্তারের রূপরেখা।”
আরও পড়ুনঃ ভারতের কাছ থেকে ধাক্কা খেয়ে এইবার জাপানের কাছে হাত পেতেছেন বাংলাদেশ
এদিন প্রধানমন্ত্রী বাংলা সংস্কৃতিরও ভূয়সী প্রশংসা করেন। বলেন, “বাংলা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মূল স্তম্ভ। বাংলার উন্নয়ন ছাড়া ভারতের উন্নয়ন অসম্পূর্ণ।”
তিনি জানান, গত দশ বছরে কেন্দ্রের তরফে বাংলায় হাজার হাজার কোটি টাকার প্রকল্প রূপায়িত হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে (Durgapur Expressway), কলকাতা মেট্রোর সম্প্রসারণ, নিউ জলপাইগুড়ি স্টেশনের (New Jalpaiguri Station) আধুনিকীকরণ—প্রতিটি প্রকল্পেই কেন্দ্র সরকার সক্রিয়ভাবে যুক্ত।
প্রধানমন্ত্রী মোদির দাবি, “আজকের এই পাইপলাইন কেবল গ্যাস পরিবহণের একটি মাধ্যম নয়, বরং বাংলার প্রগতির পথে আরেকটি মাইলফলক।”
