ভাইরাল খবর
আইপিএলে নেতৃত্ব বদল: বেঙ্গালুরুর অধিনায়ক পাটীদার, কোহলির অস্বীকৃতি নিয়ে জল্পনা!
ডিজিটাল ডেস্কঃ ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবারের বেঙ্গালুরু দলে এসেছে বড় পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রজত পাটীদার। তবে এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নেওয়া হয়নি, বরং পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ক্রিকেটার জিতেশ শর্মা।
জিতেশের দাবি, প্রথমে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে, কিন্তু তিনি তা নিতে রাজি হননি। জিতেশ বলেন, “বিরাটভাই অধিনায়ক হতে চায়নি। ও তিন বছর আগেই নেতৃত্ব ছেড়েছিল। এবারও হয়তো মনে করেছে, সেই বাড়তি চাপ নেবে না।”
বেঙ্গালুরু ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু জানাননি জিতেশ, তবে তিনি বলেছেন, “বিরাটভাই না বলায় পাটীদারই ছিল সবচেয়ে ভালো বিকল্প। সে দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ অংশ। ওর অভিজ্ঞতা আছে, তাই ওকেই বেছে নেওয়া হয়েছে।”
এবার বেঙ্গালুরু তারকাখচিত দল গঠনের বদলে কার্যকরী ক্রিকেটারদের উপর জোর দিয়েছে। দলে রয়েছেন ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার ও টিম ডেভিডের মতো ক্রিকেটাররা। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে দল সাজিয়েছে তারা।
এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বে বেঙ্গালুরু প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে।
