ডিজিটাল ডেস্কঃ কোচবিহারের রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত হতে চলেছে। আগামী ৫ অগস্ট জেলায় একদিনে দুই বড় রাজনৈতিক কর্মসূচি ঘিরে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বিজেপি বিধায়কদের উপর তৃণমূল কর্মীদের হেনস্থার অভিযোগে সেদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুত্তিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই দিনে তৃণমূল কংগ্রেসও জেলার ১৯টি জায়গায় অবস্থান-বিক্ষোভের কর্মসূচি নিয়েছে।
শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit De Bhowmik) অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং কোচবিহারে NRC নোটিশ নিয়ে বিজেপি মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। তাঁর দাবি, এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই তৃণমূলের এই কর্মসূচি।
অন্যদিকে, একই দিনে পাল্টা কর্মসূচি নিয়ে সতর্কতা জানিয়েছে বিজেপি। জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস (Biraj Bose) বলেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এমন কর্মসূচি নিচ্ছে যা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তাঁর হুঁশিয়ারি, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় নিতে হবে শাসকদলকে।
Advertisement
একই দিনে দুই দলের এই মুখোমুখি রাজনৈতিক অবস্থানকে ঘিরে জেলাজুড়ে চড়ছে উত্তেজনার পারদ। প্রশাসনও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর।