ভাইরাল খবর
পুরীতে চলন্ত রাস্তায় কিশোরীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, তিন দুষ্কৃতী পলাতক
ডিজিটাল ডেস্কঃ ওড়িশার বালেশ্বরে কলেজছাত্রীর আত্মাহুতি-চেষ্টা এখনও মানুষের মন থেকে মুছে যায়নি, তার মধ্যেই ফের নৃশংস ঘটনার সাক্ষী থাকল রাজ্যের পুরী জেলা। শনিবার (১৯ জুলাই) সকালে বাইয়াবার গ্রামের একটি পথ ধরে বন্ধুর বাড়ির দিকে যাওয়ার সময় ১৫ বছরের এক কিশোরীকে রাস্তার মাঝখানে ঘিরে ধরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতির বিরুদ্ধে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ওই কিশোরীকে ভুবনেশ্বর AIIMS-এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিস ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই দুষ্কৃতিদের শনাক্ত করা হয়েছে, শীঘ্রই গ্রেফতারির সম্ভাবনা।
আরও পড়ুনঃ ২১ জুলাই শহিদ দিবস: ভোর থেকে রাত পর্যন্ত ট্র্যাফিক বিধিনিষেধ, জানুন কোন রাস্তাগুলি বন্ধ
ওড়িশার ডেপুটি মুখ্যমন্ত্রী তথা নারী ও শিশু উন্নয়ন দফতরের মন্ত্রী প্রভাতি পারিদা (Pravati Parida) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক্স (X)-এ লিখেছেন, “ঘটনার কথা শুনে আমি মর্মাহত। আক্রান্ত কিশোরীর চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকার নিচ্ছে। অপরাধীদের কড়া শাস্তি দিতে পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন ওড়িশা সরকারের বিরুদ্ধে লাগাতার প্রশ্ন উঠছে রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে। ঠিক কিছুদিন আগেই, বালেশ্বরের এক কলেজছাত্রী সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে কলেজ প্রাঙ্গণে আত্মহত্যার চেষ্টা করেন। AIIMS-এ মৃত্যু হয় তাঁরও। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এবার পুরীতে ফের একবার মেয়েদের সুরক্ষা নিয়ে উঠে গেল বড় প্রশ্ন।
