ভাইরাল খবর
মহেশতলায় বিস্ফোরক-সহ ধৃত ৫, বিজেপি-আরএসএস যোগের অভিযোগ তৃণমূলের
ডিজিটাল ডেস্ক: মহেশতলার (Maheshtala) ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অশান্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে, পুলিশের উপরও হামলা হয় বলে অভিযোগ। তবে বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, বর্তমানে মহেশতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে তার কিছুটা দূর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ পাঁচজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, বুধবার রাত আটটা নাগাদ বজবজ (Budge Budge) থানা এলাকায় বিশেষ অভিযানে নেমে পুলিশ উদ্ধার করে বিপুল বিস্ফোরক (Explosive Materials)। এই ঘটনায় গ্রেফতার করা হয় মোট পাঁচজনকে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে নবীন চন্দ্র রায় (Nabin Chandra Roy) নামের এক যুবক স্বীকার করেছেন, তিনি বিজেপি (BJP) এবং আরএসএস (RSS)-এর সক্রিয় কর্মী। তদন্তকারীদের দাবি, রামনবমীর দিন বাটা মোড়ে যখন ব্যারিকেড ঘিরে উত্তেজনা ছড়ায়, তখন সেই যুবক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এমনকি, ভিডিও ফুটেজে তাঁকে ব্যারিকেড ছুঁড়তে দেখা গিয়েছে বলেও পুলিশের দাবি।
আরও পড়ুনঃ আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা! মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া বিমান
এই ঘটনায় রাজনৈতিক তোপ দাগতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপি কর্মীদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনা প্রমাণ করে বিজেপির ষড়যন্ত্রের রাজনীতি। তাঁর অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবেই মহেশতলার পরিস্থিতি অশান্ত করতে চেয়েছিল। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) প্রশ্ন তোলেন, বিস্ফোরকগুলি নিয়ে বিজেপির কী পরিকল্পনা ছিল? তিনি বলেন, “রাতেই যখন ধরা পড়েছে বিজেপি-আরএসএস কর্মীরা, তখন প্রশ্ন ওঠে যে বিজেপির এই উস্কানির পরিকল্পনা আরও বড় কিছু ছিল কি না।”
অন্যদিকে, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) অভিযোগ তোলেন, “মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল বিজেপি। এখন মহেশতলায় একই ছক। বিজেপির এক কর্মীর কাছে এত বিস্ফোরক এল কোথা থেকে? শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কি এই প্রশ্নের উত্তর দেবেন?”
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি রাজ্যজুড়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংঘর্ষ বাধিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। মহেশতলার ঘটনার সঙ্গে মুর্শিদাবাদ এবং সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার তুলনা টেনে তৃণমূলের দাবি, এটি বিজেপির পুরনো খেলা।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-এর মহেশতলায় যাওয়ার উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন।
