ভাইরাল খবর
ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল! শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে আক্ষেপ মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস (Martyrdom Day) উপলক্ষে মঙ্গলবার একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেওড়াতলা মহাশ্মশানে (Keoratala Crematorium) শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করার পর তিনি দাবি করেন, তাঁর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে রহস্য (Mystery) তৈরি করা হয়েছে এবং প্রকৃত ঘটনা আড়ালে রাখা হয়েছিল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে বহু প্রশ্ন রয়েছে। ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে (History) ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি না থাকলে হিন্দু বাঙালিদের মাতৃভূমি পাওয়া কঠিন হয়ে যেত।”
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা ও মন্ত্রী। পরে হাজরা মোড়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরেও যোগ দেন মুখ্যমন্ত্রী।
সেখানে তিনি বলেন, পূর্ববর্তী সরকারগুলির আমলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের অবদানকে গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে রাজ্য সরকার তাঁর আদর্শ ও রাষ্ট্রবাদী (Nationalist) চিন্তাধারাকে সামনে রেখে এগোতে চায়।
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুলে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালন করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই তাঁর জন্মদিন ৬ জুলাই সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জিরাটে ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার।
এদিন রাজ্যজুড়ে বিজেপির তরফে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
