খেলার খবর
মেয়েদের আইপিএল জিতে ইতিহাস, স্মৃতিকে কী লিখলেন বিরাট কোহলি?
ডিজিটাল ডেস্কঃ ‘ই সালা কাপ নামদে’—এবার আর শুধু আবেগ নয়, পরিসংখ্যানেও ইতিহাস। মেয়েদের প্রিমিয়ার লিগ (Women’s Premier League – WPL) ২০২৬ জিতে এক অনন্য কীর্তি গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru – RCB)। একই সঙ্গে পুরুষদের আইপিএল (Indian Premier League – IPL) ও মহিলাদের WPL—দু’টি ট্রফিই এখন আরসিবির ঝুলিতে।
এই ঐতিহাসিক জয়ের পর ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেন বিরাট কোহলি (Virat Kohli)। সরাসরি শুভেচ্ছা জানান আরসিবি মহিলা দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও গোটা স্কোয়াডকে। কোহলি লেখেন, “আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা আরও উঁচুতে তুলেছ তোমরা। এই জয় পুরোপুরি তোমাদের প্রাপ্য।”
বরোদার বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) ফাইনালে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তোলে ২০৩/৪—WPL ফাইনালের সর্বোচ্চ স্কোর। জেমিমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) ৫৭ রানের পরও ম্যাচ হাতছাড়া হয়। স্মৃতি মান্ধানার ৪১ বলে ৮৭ ও জর্জিয়া ভলের (Georgia Voll) ৭৯ রানের বিধ্বংসী জুটিতে ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে নেয় আরসিবি—WPL ইতিহাসের সর্বোচ্চ সফল রান চেজ।
২০২৫–২৬ মরশুমে লিগে আট ম্যাচে ছ’টি জয়, সরাসরি ফাইনাল ও ট্রফি—সব মিলিয়ে আরসিবির ‘গোল্ডেন ইয়ার’। অরেঞ্জ ক্যাপও স্মৃতির দখলে। পুরুষ ও মহিলা—দুই দলই চ্যাম্পিয়ন। বেঙ্গালুরু জুড়ে এখন শুধুই উৎসব।
