সাইবার থানার পর এবার ভবানীপুর! ফের অভিযোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজনীতি

সাইবার থানার পর এবার ভবানীপুর! ফের অভিযোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচনী প্রচারের বিতর্কিত মন্তব্যের জেরে আইনি ও প্রশাসনিক অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিধাননগর সাইবার ক্রাইম থানার পর এবার কলকাতার ভবানীপুর থানাতেও তাঁর বিরুদ্ধে একটি নতুন লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অর্ণবকান্তি দাস নামে ভবানীপুরের এক বাসিন্দা এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, গত ২ মে বিজেপি নেতা অমিত মালব্যের একটি পোস্টের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে (X Handle) গুজরাতি সম্প্রদায়কে ‘গ্যাং’ বলে আখ্যা দেন। অভিযোগকারীর মতে, এই মন্তব্য সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং জাতীয় সংহতিকে বিঘ্নিত করতে পারে। এর আগে নির্বাচনী জনসভা থেকে উসকানিমূলক ও হুমকিমূলক বক্তব্য রাখার অভিযোগে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা পিটিশনের ভিত্তিতে বিধাননগর সাইবার থানায় ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস (BNS)-এর একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর (FIR) হয়েছিল। যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পেয়েছেন সাংসদ।

আইনি জটের পাশাপাশি এবার অভিষেক ও তাঁর পরিবারের সম্পত্তির ওপর নজরদারি বাড়াল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর নামে থাকা মোট ১৭টি বাড়ির ‘বিল্ডিং প্ল্যান’ বা নির্মাণ নকশা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বাড়ির ‘এলিভেশন ড্রয়িং’ (Elevation Drawing) বা উচ্চতার নকশা। বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে গত ১৮ মে পুরসভা ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিস (Notice) পাঠিয়েছিল। তবে নথিপত্র জোগাড়ের জন্য লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার আবেদনের ভিত্তিতে পুর কর্তৃপক্ষ আরও ১০ দিনের অতিরিক্ত সময় (Extension) মঞ্জুর করেছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক নথি জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুরসভা সূত্রে স্পষ্ট জানানো হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement