রাজনীতি
ভোট চাইতে গিয়েই মোক্ষম চাল! প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ছেলেকে বিজেপিতে টানলেন অগ্নিমিত্রা
ডিজিটাল ডেস্ক: আসানসোলের নির্বাচনী (Election) লড়াইয়ে রবিবাসরীয় সকালে এক অভাবনীয় রাজনৈতিক নাটকের (Political Drama) সাক্ষী থাকল শিল্পাঞ্চল। উষাগ্রাম এলাকায় বিজেপি প্রার্থী (BJP Candidate) অগ্নিমিত্রা পালের প্রচার চলাকালীন সবাইকে চমকে দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন দাপুটে সিপিএম (CPIM) নেতার ছেলে গোপাল বাদ্যকর। যা আসানসোলের রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করল।
এদিন সকালে উষাগ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ (Public Relation) করছিলেন অগ্নিমিত্রা পাল। পাড়ার পরিচিত বাম নেতা তথা প্রাক্তন সিপিএম কাউন্সিলর মতীশ বাদ্যকরের বাড়িতে ভোট চাইতে গেলে ঘটে সেই চমকপ্রদ ঘটনা। মতীশ বাবু টানা ১০ বছর কাউন্সিলর এবং বাম আমলে বোরো চেয়ারম্যান (Borough Chairman) হিসেবে দাপটের সাথে কাজ করেছেন। তাঁর ছেলে গোপাল বাদ্যকর হঠাৎই অগ্নিমিত্রার সামনে এসে বিজেপির পতাকা তুলে নেন। আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিয়ে গোপাল জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ (Ideology) এবং অগ্নিমিত্রা পালের বলিষ্ঠ নেতৃত্বে মুগ্ধ। তাঁর দাবি, রাজ্যের বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারকে হঠাতেই তিনি সপরিবারে বিজেপিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এই যোগদানকে (Joining) স্বাগত জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “মানুষ এখন সত্য ও উন্নয়নের টানে বিজেপির দিকে ঝুঁকছে।” তবে প্রচারের এই সাফল্য পাওয়ার আগে বল্লভপুর এলাকায় তৃণমূলের (TMC) উপপ্রধান সিদান মণ্ডলের সাথেও অগ্নিমিত্রার তীব্র বাক্যবিনিময় ঘটে। সেখানে সিদান মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের রাজনীতি আলাদা এবং তিনি ‘রাজনীতির মাটি’ ছাড়বেন না। তবে উষাগ্রামের এই নাটকীয় দলবদল যে আসানসোলের বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন (Oxygen) দিয়েছে, তা বলাই বাহুল্য। একদিকে তৃণমূলের সাথে আদর্শের লড়াই আর অন্যদিকে বাম শিবিরে ভাঙন- দুই মিলিয়ে অগ্নিমিত্রার রবিবাসরীয় প্রচার ছিল সুপারহিট।


