রাজ্যের খবর
আগে বিজেপি মহিলাদের জন্য রেল ফ্রি করে দেখাক, চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক , ২৪ মার্চ : হাতে মাত্র ২ দিন। প্রথম দফা অর্থাৎ ২৭ মার্চ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুর আসনে নির্বাচন। তার আগে বুধবার ভগবানপুরের (Bhagabanpur ) সভায় ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন ফের বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, বাস-মেট্রো কেন, আগে মহিলাদের জন্য রেল পরিষেবা ফ্রি করে দেখান। পাশাপাশি এদিন ফের তিনি দাবি করলেন, সরকারে এলেও ইস্তাহারের কোনও প্রতিশ্রুতিই পূরণ করবে না গেরুয়া-শিবির। অভিষেক বলেন, “ইস্তাহারে বলছে ক্ষমতায় এলে বাস ফ্রি করে দেবে। রেল তো কেন্দ্রের হাতে। তাতে তো রাজ্যের কোনও ভূমিকা নেই। তাহলে আগে মহিলাদের জন্য রেল সফর ফ্রি করে দেখাক বিজেপি।” সুন্দরবনকে আলাদা জেলা করার প্রতিশ্রুতিতে কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপি বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।” সাংসদের দাবি, তৃণমূলের ইস্তাহার বিজেপির ঘুম উড়িয়েছে সেই কারণেই নানারকম আশ্বাস দিচ্ছে বিজেপি।
