পশুদের ওপর অত্যাচারে আইনে বদল কেন্দ্রের, বাড়ানো হচ্ছে শাস্তি ও জরিমানার পরিমাণ
Connect with us

দেশ

পশুদের ওপর অত্যাচারে আইনে বদল কেন্দ্রের, বাড়ানো হচ্ছে শাস্তি ও জরিমানার পরিমাণ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ ফেব্রুয়ারি : রাস্তায় কিংবা আমাদের আশেপাশে থাকা পথপশুদের ক্ষেত্রে নানান অত্যাচারের ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সমাজমাধ্যমে। দোষীদের শাস্তির দাবীতেও সরব হয়েছেন নেটাগরিকদের পাশাপাশি পশুপ্রেমীরা। কিন্তু পথপশু রক্ষায় সেভাবে জোরালো আইন ছিল না আমাদের দেশে। ৬০ বছরের পুরনো সেই পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইন মোতাবেক অপরাধীর শাস্তি নির্ণয় হত।

পশুকে অত্যাচার করলে বা মেরে ফেললেও ক্ষেত্র বিশেষে মাত্র ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। কিন্ত ছয় দশকের পুরনো আইনেই এবার বদল আনতে চলেছে কেন্দ্র সরকার।রাস্তার কুকুরকে ঢিল ছুড়লে এ বার ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি ৫ বছর পর্যন্ত হাজতবাসও হতে পারে।এই নতুন আইনের প্রস্তাবনায় পশুদের ওপর হিংসার ক্ষেত্রে তিনটি মাত্রা নির্ধারণ করা হয়েছে। ১)অল্প আঘাত, ২) আঘাতের ফলে শরীরের স্থায়ী ক্ষতি এবং ৩) আঘাতের ফলে মৃত্যু। এই তিনধরনের অত্যাচারের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৭৫০টাকা থেকে ৭৫হাজার টাকা অব্দি করা হয়েছে। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। ভাবা হয়েছে শাস্তি হিসেবে কারাদন্ডের কথাও। আগের আইনে জরিমানার মূল্য কম হওয়ার পাশাপাশি পশুদের ওপরে অত্যাচারের বিষয়ে কোন সুনির্দিষ্ট ধারণা দেওয়া ছিল না। ফলে আইনের দূর্বলতার সুযোগে অনেক অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছিলেন। বিশেষত গত বছর কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রচলিত আইনের ফাঁকগুলো আরও বেশি করে নজরে আসে। সেই সময়ই এই আইনের সংশোধনের প্রস্তাব দেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর।সেই মোতাবেক এই নতুন আইনের খসড়া নির্মিত হচ্ছে।এই কাজ শেষ হলে সকলকে এই আইনের বিষয়ে অবহিত করার পরেই নতুন আইনকে বাস্তবায়ন করা হবে।

Continue Reading
Advertisement