ভাইরাল খবর
এনডিএ-র বৈঠকে গ্র্যান্ড ওয়েলকাম এনসিপিআইকে! প্রথম সারিতে মোদি-শাহর পাশে কাকলি, শরিক হলো দল
ডিজিটাল ডেস্কঃ সংসদের ‘মঙ্গল মিলন’ (Mangal Milan) কর্মসূচিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-কে এনডিএ (NDA)-র নতুন শরিক হিসেবে স্বাগত জানানো হল। এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট বার্তা মিলেছে, বিজেপিতে (BJP) যোগ না দিয়ে আপাতত এনডিএ-র অংশীদার হিসেবেই রাজনৈতিক পথচলা চালাবে এনসিপিআই।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর সঙ্গে একই সারিতে বসতে দেখা যায় বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)-কে। তাঁর পিছনের সারিতে ছিলেন শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকার-সহ এনসিপিআইয়ের অন্যান্য সাংসদরা।
বৈঠকে নতুন শরিক দলের সাংসদদের নাম ধরে পরিচয়পর্ব (Introduction) সম্পন্ন হয়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন বলেও জানা গিয়েছে। বৈঠকে আসন্ন বিভিন্ন বিল (Bill), সংসদীয় কর্মসূচি এবং কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন (Presentation) দেওয়া হয়।
রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ ইতিমধ্যেই সংসদে এনডিএ-কে সমর্থন করছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) তাঁদের জন্য পৃথক আসনের ব্যবস্থাও করেছিলেন। তবে এনডিএ-র সংসদীয় বৈঠকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে তাঁদের অন্তর্ভুক্ত করা হল।
বৈঠক শেষে শতাব্দী রায় বলেন, বৈঠকটি অত্যন্ত সুশৃঙ্খল ছিল। কোন বিল আসছে, তার উদ্দেশ্য কী এবং সাধারণ মানুষের কী উপকার হবে—এসব বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। জুন মালিয়া ও শর্মিলা সরকারেরও দাবি, প্রধানমন্ত্রী নিজে তাঁদের স্বাগত জানিয়েছেন এবং সংসদীয় কাজের বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন। তাঁদের আশা, এই সমন্বয়ের ফলে নিজেদের সংসদীয় এলাকার উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।
