রাজনীতি
‘২০৩১-এ সুদে-আসলে ফেরত দেব’! হাই কোর্টে ধাক্কা খেতেই, নতুন FIR অভিষেকের বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ আমতলার কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে করা মন্তব্যের জেরে ফের আইনি চাপে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব’ মন্তব্যকে ঘিরে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানায় নতুন এফআইআর (FIR) দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিতর্কিত বক্তব্যের ভিডিও (Video) খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর কমিশনারেট (Commissionerate)-এর সাইবার ক্রাইম বিভাগে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যে হুমকির ইঙ্গিত রয়েছে।
ঘটনার সূত্রপাত সম্প্রতি আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বেআইনি নির্মাণের অভিযোগে বুলডোজার (Bulldozer) অভিযান চালানোকে কেন্দ্র করে। ওই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেছিলেন, ভবনের সমস্ত বৈধ নথি রয়েছে। পাশাপাশি তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে এবং “সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।” এরপরই তিনি মন্তব্য করেন, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।” এই বক্তব্যকে কেন্দ্র করেই নতুন বিতর্কের সূত্রপাত।
এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট (High Court)-এ দায়ের করা রক্ষাকবচের আবেদনেও তাৎক্ষণিক স্বস্তি মেলেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, সব মামলা একত্র করে এখনই অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। তবে তদন্তকারী সংস্থা কোনও পদক্ষেপ নিলে আদালতের দৃষ্টি আকর্ষণের সুযোগ রয়েছে বলেও পর্যবেক্ষণ করেন তিনি।
নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার, সেবাশ্রয় প্রকল্প, সই জাল এবং ডিজে-সংক্রান্ত মন্তব্যসহ বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিআইডি (CID) ও রাজ্য পুলিশের তদন্তের মধ্যেই এবার ২০৩১ সালের মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া নতুন এফআইআর তাঁর আইনি লড়াইয়ে আরও একটি নতুন অধ্যায় যোগ করল।
