ভাইরাল খবর
৩০০ ভরি সোনা উদ্ধার তৃণমূল নেত্রীর বাড়িতে? সব্যসাচী-ঘনিষ্ঠ টিনার বাড়িতে রাতভর তল্লাশি
ডিজিটাল ডেস্কঃ তোলাবাজি (Extortion) মামলার তদন্তে ফের চাঞ্চল্যকর মোড়। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুরে তল্লাশি (Search Operation) চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযানে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না (Gold Ornaments) উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
জানা গিয়েছে, করিমপুরের কিশোরপুর এলাকায় টিনা ভৌমিক সাহার বাবার বাড়িতে রাতভর অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টা নাগাদ বিধাননগর উত্তর ও করিমপুর থানার যৌথ পুলিশ দল সেখানে পৌঁছয়। অভিযানে ছিলেন ৭ জন পুলিশ আধিকারিক (Police Officer) এবং ২১ জন পুলিশকর্মী।
পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ একটি স্করপিও (Scorpio) গাড়িতে করে সব্যসাচী দত্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। তদন্ত চলাকালীন তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার (Bank Locker) থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। পাশাপাশি তাঁর ও স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ফ্রিজ করে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগেও টিনা ভৌমিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, তবে তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া সোনার মালিক টিনাই। যদিও তাঁর বাবা কাঞ্চন ভৌমিক জানিয়েছেন, এগুলি তাঁদের পারিবারিক গয়না, যার মধ্যে মেয়ের কিছু গয়নাও থাকতে পারে।
এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, টিনা ভৌমিকের বিপুল সম্পত্তিরও তদন্ত হওয়া উচিত। তবে টিনা ভৌমিক এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ইঙ্গিত দিয়ে দাবি করেছেন, সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই রাজনৈতিক এবং অন্য কোনও আর্থিক লেনদেন নেই।
