ভাইরাল খবর
চাকরি কেলেঙ্কারিতে ফের চাপে অভিষেকের PA! নতুন মামলা ডেবরা থানায়, শুরু তদন্ত
ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক বা পিএ (PA) সুমিত রায়ের বিরুদ্ধে এবার দায়ের হলো আরও একটি গুরুতর মামলা। জমি দুর্নীতি ও তোলাবাজির পর এবার সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Cheating) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় সুমিত রায় এবং মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাসহ আরও একজনের বিরুদ্ধে এই নতুন এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক জনৈক ব্যক্তি অন্য এক মাধ্যমে সরকারি চাকরির জন্য সুমিতকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। টাকা দেওয়ার পর ভুয়ো নথি প্রদান করা হয় এবং ওই ব্যক্তির মেডিক্যাল পরীক্ষাও (Medical Examination) করানো হয়। কিন্তু এত কিছুর পরেও চাকরি না মেলায় অবশেষে তিনি ডেবরা থানার দ্বারস্থ হন। এর আগে কোটি টাকার জমি জালিয়াতি (Land Scam) ও খাস জমির চরিত্র বদলে প্রায় ৩০০ একর কলোনির জমি চুরির মামলায় সুমিতের নাম জড়িয়েছিল। ধৃত সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ সুমিতের সন্ধান পায়।
সম্প্রতি শালবনী থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়ি এবং হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতে হানা দিলেও তাঁর খোঁজ মেলেনি। তাঁর দেশ ছেড়ে পালানো আটকাতে ইতিমধ্যেই বিমানবন্দর ও বন্দরে সিআইডি (CID) কর্তৃক লুক আউট সার্কুলার (Lookout Circular) এবং আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়েছে। অন্যদিকে, সুমিতের আইনজীবী কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আগাম জামিনের দ্রুত শুনানির আবেদন জানালে বিচারপতি জয় সেনগুপ্ত তা খারিজ করে দেন। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমি তৃণমূলের মুখপাত্র, সুমিত রায়ের নই। আইন আইনের পথে চলবে।”
