ভাইরাল খবর
বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে বড়সড় গরমিল! বিশ্বভারতীর কাছে চূড়ান্ত জবাব চাইল কমিশন
ডিজিটাল ডেস্কঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে বড়সড় অনিয়মের অভিযোগে নড়েচড়ে বসল জাতীয় তফসিলি জনজাতি কমিশন (NCST)। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদের তফসিলি উপজাতিভুক্ত (ST) প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার পটুয়া গত জানুয়ারিতে কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেন।
কমিশনের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বভারতীর উপাচার্যের (Vice-Chancellor) কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হলেও কর্তৃপক্ষ কোনও জবাব দেয়নি। ফলে সম্প্রতি নতুন করে কড়া নোটিস (Notice) পাঠিয়ে ৭ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি ও গৃহীত পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে জবাব না মিললে সংবিধানপ্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমন (Summon) জারি করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
উল্লেখ্য, যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে না ডাকার অভিযোগে বঞ্চিত শিক্ষকরা পূর্বে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। যার জেরে স্ক্রিনিং প্রক্রিয়ায় (Screening Process) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় মে মাসে বাংলা বিভাগের অ্যাসোসিয়েট ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ইন্টারভিউ স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, সমগ্র প্রক্রিয়াটি ইউজিসি (UGC) নির্দেশিকা মেনেই করা হয়েছে। বর্তমানে কমিশনের এই চরমসীমা নিয়ে শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
