ভাইরাল খবর
নিজের এলাকাতেই চরম হেনস্থা! নিমতায় সৌগত রায়কে ডিম ছুড়ে ‘বুড়ো চোর’ স্লোগান
ডিজিটাল ডেস্কঃ নিজের এলাকাতেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Roy)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার নিমতা থানার সামনে তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম (Egg) ছোড়া হয় বলে অভিযোগ। একই সঙ্গে ওঠে ‘বুড়ো চোর চোর’ স্লোগান। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ জানাতে নিমতা থানায় (Nimta Police Station) ডেপুটেশন দিতে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। থানার বাইরে বেরোতেই একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, সেই সময় জনতার মধ্য থেকেই সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে (Police)।
ঘটনার পর সৌগত রায় বলেন, “বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। সেই অভিযোগ জানাতেই থানায় গিয়েছিলাম। বেরোনোর সময় আমাকে ‘চোর’ বলা হয়। আমি জানতে চাই কাকে চোর বলছে। বিজেপির (BJP) কোনও নিয়ন্ত্রণ নেই বলেই এই ধরনের অসভ্যতা হচ্ছে।”
অন্যদিকে, স্থানীয় বিক্ষোভকারীদের একাংশের দাবি, দুর্নীতি ও সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই প্রতিবাদ। যদিও বিজেপি নেতৃত্ব সরাসরি ঘটনার দায় অস্বীকার করেছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “গণতন্ত্রে এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়, তবে মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।”
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের দাবি, “এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত (Political Conspiracy)। সাধারণ মানুষ নয়, বিজেপিই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে।”
ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।

