ভাইরাল খবর
কাকলির পর সুখেন্দুশেখর! ‘নৈরাজ্যের অবসান’ নিয়ে পোস্ট করায় অস্বস্তিতে তৃণমূল
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনে (Assembly Election) ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ও ক্ষোভ যেন কিছুতেই থামছে না। বারাসতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফার পর এবার দলীয় নেতৃত্বের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিলেন রাজ্যসভার বর্ষীয়ান তৃণমূল সাংসদ (MP) সুখেন্দুশেখর রায়। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে (Social Media) তাঁর একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং ঘনিষ্ঠ মহলে দলের পরাজয় নিয়ে করা বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবার সমাজমাধ্যমে জুলিয়াস সিজারের হত্যা এবং রোমান সাম্রাজ্যের (Roman Empire) ইতিহাস টেনে এনে সুখেন্দুশেখর একটি দীর্ঘ বার্তা দেন। সেখানে সরাসরি কারও নাম না নিলেও তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন।” রাজনৈতিক মহলের মতে, নাম না করে তিনি নিজের দল তৃণমূল কংগ্রেসকেই (TMC) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি সম্প্রতি দলের নির্বাচনী ফলাফল, প্রশাসনিক দুর্বলতা এবং সংগঠনগত সমস্যার প্রসঙ্গে কিছু সমালোচনামূলক মন্তব্য করেছেন। বিশেষ করে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ ও জনমত হারানোর বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
এর আগেও আরজি কর আন্দোলন চলাকালীন ফরাসি বিপ্লবের (French Revolution) প্রসঙ্গ টেনে এবং চণ্ডীদাসের পংক্তি উদ্ধৃত করে দলীয় অবস্থানের বাইরে গিয়ে সরব হয়েছিলেন সুখেন্দুশেখর। বর্তমান পোস্টকে কেন্দ্র করে ফের তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। যদিও দলীয় নেতৃত্ব এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিজ্ঞ সাংসদের এই ধরনের বার্তা ভবিষ্যতে দলের ভিতরে আরও বড় বিতর্ক তৈরি করতে পারে।
