ভাইরাল খবর
অনুপ্রবেশ রুখতে ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি! জুনের মাঝামাঝিতেই হাইভোল্টেজ বঙ্গ সফর
ডিজিটাল ডেস্কঃ অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের ‘৩ডি’ (Detect-Delete-Deport) নীতি কার্যকর করতে এবার কোমর বেঁধে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের সীমান্ত নিরাপত্তা (Border Security) খতিয়ে দেখতে দেশজুড়ে সফর শুরু করেছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আগামী ১৫ জুন পশ্চিমবঙ্গে পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) সূত্রে জানা গেছে, এই সফরের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। বাংলাজুড়ে অনুপ্রবেশ (Infiltration), গবাদি পশু ও মাদক পাচার, এবং জাল নোটের কারবার রুখতে বিএসএফ-এর (BSF) শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। পাশাপাশি, সীমান্ত লাগোয়া জেলাগুলির ডিএম, এসপি এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের নিয়েও একটি পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর বিশেষ বৈঠকের প্রবল সম্ভাবনা রয়েছে। জনবিন্যাস পরিবর্তন রুখতে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে বিএসএফ-কে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই রাজস্থানের বিকানের সফর করেছেন এবং আগামী ২৯ মে গুজরাতের ভুজ ও ৫ জুন ত্রিপুরা সীমান্ত পরিদর্শন করবেন। রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিজেপি সরকার গঠনের পর অমিত শাহের এই সফর নিছক কোনো প্রশাসনিক কর্মসূচি নয়। এর পেছনে রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা (Political Message)। আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করতে এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা (Technology-based security) ব্যবস্থা গড়ে তুলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই মহাপরিকল্পনা।


