দেশের খবর
শ্রম সংস্কারে বড় পদক্ষেপ কেন্দ্রের! ৪টি নতুন লেবার কোড কার্যকর, সুনিশ্চিত ন্যূনতম বেতন
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর চারটি শ্রম কোড (Labour Code) পুরোপুরি কার্যকর করল কেন্দ্রীয় সরকার। সরকারি গেজেট (Gazette) বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়মবিধি প্রকাশ হওয়ায় এবার দেশজুড়ে শ্রম আইন সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হল। এর ফলে শ্রমিকদের ন্যূনতম বেতন (Minimum Wage), সামাজিক সুরক্ষা (Social Security), স্বাস্থ্য সুরক্ষা এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করার পথ আরও সুস্পষ্ট হল।
২০১৯ সালের বেতন সংক্রান্ত কোড, ২০২০ সালের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড (Industrial Relations Code), সামাজিক সুরক্ষা কোড (Social Security Code) এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ সংক্রান্ত কোড (OSH Code) — এই চারটি আইন গত বছরের ২১ নভেম্বর কার্যকর হয়েছিল। তবে নিয়মবিধি প্রকাশ না হওয়ায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না।
নতুন শ্রমবিধিতে সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজের সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন বাধ্যতামূলক ছুটি বা বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করালে শ্রমিকদের ওভারটাইম (Overtime) মজুরি দিতে হবে।
এছাড়া নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ৪০ বছরের বেশি বয়সী শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সমান কাজের জন্য সমান বেতন এবং বিভিন্ন শিফটে মহিলাদের কাজের সুযোগও নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রের দাবি, ২৯টি পুরনো শ্রম আইনকে একত্রিত করে আধুনিক ও সহজ কাঠামো তৈরি করাই এই শ্রম সংস্কারের মূল লক্ষ্য। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা পরিচালনার সুবিধা এবং শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলার উপরেও জোর দেওয়া হয়েছে।
নতুন আইনি কাঠামোয় চাকরি হারানো শ্রমিকদের পুনরায় দক্ষ করে তুলতে ন্যাশনাল রিস্কিলিং ফান্ড (National Reskilling Fund) গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।


