ভাইরাল খবর
সবার নাগরিকত্ব নিশ্চিত, এটা মোদীর গ্যারান্টি’! সিএএ নিয়ে বনগাঁয় বড়সড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) অন্তিম লগ্নে মতুয়া মহাসংঘের পুণ্যভূমি ঠাকুরনগরে দাঁড়িয়ে বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শেষ রবিবারের প্রচারে বনগাঁর ঠাকুরনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে সিএএ (CAA) এবং নাগরিকত্ব (Citizenship) ইস্যুতে মতুয়া ও শরণার্থী সমাজের মন জয় করতে বিশেষ ‘গ্যারান্টি’ দিলেন তিনি।
শরণার্থীদের স্থায়ী ঠিকানার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা স্থায়ী ঠিকানা পাবেন, পাবেন প্রয়োজনীয় প্রতিটি সরকারি নথি (Official documents)। একজন ভারতবাসী যে সমস্ত অধিকার পান, আপনারা তার সবটুকু পাবেন। এটা মোদীর গ্যারান্টি।” তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের সময় থেকেই শরণার্থীদের অধিকারের হয়ে সওয়াল করেছিলেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূলের ১৫ বছর আগের ‘মা-মাটি-মানুষ’ স্লোগান এখন স্রেফ ‘পাপ’ আড়াল করার হাতিয়ারে পরিণত হয়েছে। রাজ্যে নারী নিরাপত্তা ও সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি শাসকদলকে কড়া আক্রমণ করেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাণী স্মরণ করে মোদী এদিন ভিন্ন এক আহ্বান জানান। তিনি বলেন, “নেতাজি রক্তের বদলে স্বাধীনতার (Freedom) কথা বলেছিলেন, আমি আপনাদের কাছে কেবল একটি করে ভোট চাইছি। আপনাদের ওই একটি ভোটই বাংলাকে তৃণমূলের সিন্ডিকেট (Syndicate) ও কাটমানি রাজ থেকে ‘আজাদি’ বা মুক্তি এনে দেবে।” প্রধানমন্ত্রীর দাবি, প্রথম দফার ভোটেই তৃণমূলের দম্ভ চূর্ণ হয়েছে এবং ৪ মে-র পর বাংলায় বিজেপি সরকার গঠন এখন স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর মতে, গোটা বাংলা এখন একটাই আওয়াজ তুলছে— ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’।

