ভাইরাল খবর
২৭ বছরের কর্ম জিবনের সমাপ্তি! ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতার অবসর ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনের পর অবসর নিলেন (Sunita Williams retirement)। গত ২৭ ডিসেম্বর, ৬০ বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নাসার তরফে এক বিবৃতিতে এই অবসরের কথা জানানো হয়।
সুনীতা উইলিয়ামসের (NASA Astronaut Sunita Williams) মহাকাশযাত্রা শুরু হয় ২০০৬ সালের ডিসেম্বরে। ডিসকভারি শাটলে (Space Shuttle Discovery) চড়ে প্রথমবার মহাকাশে যান তিনি। এক্সপিডিশন ১৪/১৫ মিশনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করে চারটি স্পেসওয়াক (Spacewalk) সম্পন্ন করেন, যা সে সময় বিশ্বরেকর্ড ছিল।
২০১২ সালে দ্বিতীয় মিশনে তিনি ১২৭ দিন মহাকাশে ছিলেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) কমান্ডারের দায়িত্বও পান। ২০২৪ সালে বোয়িং স্টারলাইনারে (Boeing Starliner) তাঁর তৃতীয় ও শেষ মহাকাশযাত্রা শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে সেই মিশন নির্ধারিত ১০ দিনের বদলে প্রায় ১০ মাসে গড়ায়। অবশেষে ২০২৫ সালের মার্চে পৃথিবীতে ফেরেন তিনি।
তিনটি মিশনে মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়ে নাসার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সময়ের রেকর্ড গড়েছেন সুনীতা (608 days in space)। ৯টি স্পেসওয়াক ও মহাকাশে ম্যারাথন দৌড়ের (Space Marathon) মতো বিরল কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।
