ভাইরাল খবর
তাড়াহুড়োর ডেলিভারি নয়! গিগ ওয়ার্কার সুরক্ষায় ১০ মিনিটের ডেলিভারি বন্ধ করল Blinkit
ডিজিটাল ডেস্কঃ ১০ মিনিটে ডেলিভারি পরিষেবা (10-minute Delivery Service) বন্ধ করার পথে হাঁটল Blinkit। গিগ ওয়ার্কারদের (Gig Workers) নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং সংসদের শীতকালীন অধিবেশনে এই পরিষেবা বন্ধের দাবি ওঠার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
গত কয়েক মাস ধরেই তাড়াহুড়ো করে ডেলিভারি দিতে গিয়ে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘিরে বিতর্ক চরমে ওঠে। বিষয়টি সংসদেও (Parliament) ওঠায় কেন্দ্রীয় সরকার ডেলিভারি কর্মীদের সুরক্ষা (Worker Safety) নিয়ে কঠোর অবস্থান নেয়। কেন্দ্রের নির্দেশে ফুড ও কুইক-কমার্স (Quick Commerce) সংস্থাগুলিকে ১০ মিনিটে ডেলিভারি বন্ধ করার বার্তা দেওয়া হয়।
এই প্রেক্ষিতেই নতুন বছরের শুরুতে মোদি সরকার গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের (Platform Workers) জন্য ১০০ দিনের কাজের ধাঁচে একটি নতুন প্রকল্পের ঘোষণা করে। এতে আধার (Aadhaar) রেজিস্ট্রেশন, ডিজিটাল আইডি (Digital ID) ও সামাজিক সুরক্ষা (Social Security) নিশ্চিত করার কথা বলা হয়।
দীর্ঘদিন ধরেই গিগ ওয়ার্কাররা চাকরির নিশ্চয়তা ও অমানবিক ডেলিভারি সময়সীমা তুলে নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত বছরের ২৫ ও ৩১ ডিসেম্বর দেশের বিভিন্ন শহরে ধর্মঘটও হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার (Mansukh Mandaviya) মধ্যস্থতায় Blinkit ও Zepto-র মতো সংস্থাগুলি ১০ মিনিটে ডেলিভারি বন্ধের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই Blinkit এই পরিষেবা তুলে নিয়েছে বলে জানা যাচ্ছে।


