রাজনীতি
বিজয়ের জনসভায় বন্দুকধারী আটক, কারুরে বিপর্যয়ের পর প্রথম সভায় নিরাপত্তা ভাঙন
ডিজিটাল ডেস্কঃ কারুরের (Karur) মর্মান্তিক পদপিষ্ট (Stampede) দুর্ঘটনার পর প্রথমবার বড় জনসভায় যোগ দিতে চলেছিলেন অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয় (Thalapathy Vijay)। আর সেই সভা শুরুর আগেই ঘটে যায় ব্যাপক নিরাপত্তাজনিত (Security) বিঘ্ন। জানা গিয়েছে, সমাবেশে প্রবেশের চেষ্টা করার সময় বন্দুকধারী (Armed Person) এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতের নাম ডেভিড (David)। তিনি নাকি সংগঠনের পুদুচেরি জেলা সম্পাদকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (Personal Security Guard) বলে দাবি করেছেন। তবে তাঁর কথায়, বিজয়ের কোনও ক্ষতির উদ্দেশ্য তাঁর ছিল না।
এর আগে বিজয় মিছিলের অনুমতি চাইলেও পুদুচেরির ডিজিপি তা নাকচ করেন। বদলে তাঁকে জনসভা আয়োজন করতে বলা হয়। প্রশাসনও কঠোর বিধিনিষেধ আরোপ করে—৫ হাজার দর্শকের সীমা, প্রবেশে বাধ্যতামূলক কিউআর কোড (QR Code) পাস, এবং আয়োজকদের ‘কোনও সীমা লঙ্ঘন না করার’ কড়া নির্দেশ।
প্রসঙ্গত, তামিলনাড়ুর কারুরে বিজয়ের আগের রাজনৈতিক মিছিলে ভয়াবহ অব্যবস্থাপনার কারণে ৪০ জনের মৃত্যু এবং শতাধিক আহত হন। প্রায় ১০ হাজার মানুষের অনুমান থাকলেও সেখানে জমা হয়েছিল ২৭ হাজারেরও বেশি ভিড়। প্রচণ্ড গরমে কোনও পানি বা খাদ্যের ব্যবস্থা না থাকায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। বিজয় সন্ধ্যায় পৌঁছতেই সামনে ধেয়ে আসে জনতা, আর মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এই প্রেক্ষাপটে পুদুচেরির এই জনসভা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরীক্ষা বলেই মনে করছেন অনেকে।


