খেলার খবর
ষষ্ঠীর উপহার! পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নবমবার চ্যাম্পিয়ন ভারত
ষষ্ঠীর দিনেই (Shashthi) যেন উৎসবের আমেজে মেতে উঠল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে পাকিস্তানকে (Pakistan) উড়িয়ে নবমবার এশিয়ার সেরা হল ভারত। ২০ ওভারের ম্যাচে মাত্র ১৯.৪ ওভারে লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।
প্রথমে ছিল দুর্দান্ত বোলিং (Bowling)। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের দুই ওপেনার সাহিবজ়াদা ফারহান (Sahibzada Farhan) ও ফখর জ়ামান (Fakhar Zaman) শুরুটা ভালোই করেছিলেন। ৮৪ রানের জুটি গড়ে কিছুটা চাপও তৈরি করেছিলেন। তবে সেই ধার আর বজায় রাখতে পারেনি পাকিস্তান। ৮৪ রানে ১ উইকেট থেকে তারা থেমে গেল ১৪৬ রানে।
ভারতের হয়ে বল হাতে ঝড় তোলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি একাই চারটি উইকেট নেন, যার মধ্যে একই ওভারে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও ফাহিম আশরফকে (Faheem Ashraf)। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), অক্ষর প্যাটেল (Axar Patel) ও জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) প্রত্যেকে নেন দুটি করে উইকেট। পাকিস্তান শেষমেশ ১৯.১ ওভারে অলআউট হয় ১৪৬ রানে।
রান তাড়া করতে নেমে ভারত শুরুতে চাপে পড়ে। অভিষেক শর্মা (Abhishek Sharma) মাত্র ৫ রান করে ফেরেন। শুবমান গিল (Shubman Gill) করেন ১২ রান। সূর্যকুমার যাদব ফের ব্যর্থ হন মাত্র ১ রানে। তবে এরপর সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তিলক বর্মা (Tilak Varma) হাল ধরেন। স্যামসন ২১ বলে ২৪ রান করে ফেরার পর শিবম দুবে (Shivam Dube) ও তিলকের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়।
তিলকের ব্যাটে আসে দায়িত্বশীল ইনিংস। ৫৩ বলে অপরাজিত ৬৯ রানে তিনি দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তাঁর সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন শিবম দুবে, যিনি ৩৩ রান করে আউট হন। শেষ মুহূর্তে রিঙ্কু সিং (Rinku Singh) চার মেরে জয় নিশ্চিত করেন।
এভাবেই পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত।


