ভাইরাল খবর
রাস্তা নেই, তাই ‘সমাধানে’ গিয়ে তালাবন্দি বিডিও! পালাতে হল দৌড়ে
ডিজিটাল ডেস্কঃ “রাস্তা চাই, আশ্বাস নয়!” —এই এক দাবি ঘিরে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় ব্লকের (Narayangarh Block) নাড়মা গ্রাম পঞ্চায়েত (Narma Gram Panchayat)।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para, Amader Samadhan) শিবিরে উপস্থিত হওয়া বিডিও (BDO)-কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী, বিশেষ করে মহিলা। অভিযোগ—দিনের পর দিন বারবার জানানো সত্ত্বেও সংস্কার হয়নি গ্রামের প্রধান রাস্তাটি।
সেই ক্ষোভই এবার মুখ থুবড়ে পড়ল প্রশাসনের উপর। বিডিওকে ঘিরে ধরে প্ল্যাকার্ড হাতে জবাবদিহি দাবি করেন মহিলারা। শুধু তাই নয়, তাঁকে ও পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিকদের ঘণ্টাখানেক তালাবন্দি (Locked In) করে রাখা হয়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থায় (Poor Road Condition) অসুস্থ রোগী বা প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হয় ডুলিতে (Makeshift Stretcher)। অ্যাম্বুল্যান্স (Ambulance) তো দূরের কথা, সাধারণ গাড়িও ঢুকতে পারে না এই রাস্তায়।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক কর্তারা। বহু বোঝানোর পর অবশেষে খুলে দেওয়া হয় তালা। তবে বিক্ষোভকারীরা তাঁদের দাবি থেকে এক চুলও সরেননি।
বিডিও শিবিরের বাইরে বেরোতেই তাঁকে ঘিরে ফের প্রশ্নবাণে জর্জরিত করা হয়—“ঠিক কবে রাস্তা সংস্কার হবে?” পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মহিলাদের মাঝে ঘেরাও (Gherao) এড়াতে বিডিও দৌড়ে পালাতে বাধ্য হন।
এই দৃশ্য দেখে বিক্ষোভকারীরাও প্ল্যাকার্ড হাতে পিছনে দৌড়াতে থাকেন। অবশেষে নিজের গাড়িতে উঠে কোনোমতে এলাকা ছাড়েন বিডিও।
এ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া (Official Statement) পাওয়া যায়নি।


