ভাইরাল খবর
প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, রুপালি পর্দা থেকে রাজনীতির মঞ্চে অবদান
ডিজিটাল ডেস্কঃ বাংলা চলচ্চিত্র ও রাজনীতির দু’মঞ্চে পরিচিত মুখ জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) আর নেই। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলা থেকেই অভিনয় ও বিনোদনের প্রতি ছিল গভীর ঝোঁক। চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন ‘অপরূপা’ ছবি দিয়ে, যেখানে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। বড় খ্যাতি পান অঞ্জন চৌধুরীর ‘হীরক জয়ন্তী’ ছবিতে, যেখানে চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয় হয়। এছাড়াও ‘চপার’, ‘নাগমোতি’, ‘আমরা’ ইত্যাদি ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন জয়। একসময় তিনি বিজেপি (BJP) রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০১৪ ও ২০১৯ সালে বীরভূম ও উলুবেড়িয়া লোকসভা থেকে প্রার্থী হয়েছিলেন, তবে সাফল্য পাননি। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবির ছাড়েন। ব্যক্তিজীবনে ছিলেন তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। বিচ্ছেদের পর আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রুপালি পর্দায় স্মরণীয় নায়ক, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় মুখ—দুই মঞ্চেই ছাপ রেখেছিলেন জয় বন্দ্যোপাধ্য্যায়। আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ও রাজনৈতিক মহল। তাঁর চলচ্চিত্র ও রাজনৈতিক অবদান দুটোই আজও স্মৃতির পাতায় রয়ে যাবে।


