সরকার এনেছে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫
Connect with us

খেলার খবর

সরকার এনেছে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫

Dipa Chakraborty

Published

on

ই-স্পোর্টস ও সামাজিক গেমকে উৎসাহ দিতে এবং ক্ষতিকর মানি গেম রুখতে কেন্দ্র সরকার লোকসভায় পেশ করল অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫। ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের সঙ্গে সঙ্গে প্রযুক্তির অপব্যবহারও বেড়েছে। সেই প্রেক্ষিতে নাগরিক, বিশেষত তরুণ সমাজকে আর্থিক, মানসিক ও সামাজিক ক্ষতির হাত থেকে রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য।

বিলে বলা হয়েছে, ই-স্পোর্টসকে বৈধ প্রতিযোগিতামূলক খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক গাইডলাইন তৈরি করবে এবং ই-স্পোর্টসকে প্রসারের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। একইসঙ্গে শিক্ষামূলক ও সামাজিক গেমকে উৎসাহ দেওয়া হবে, যাতে সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে অনলাইন গেমের ইতিবাচক ভূমিকা থাকে।

অন্যদিকে, অনলাইন মানি গেম যেমন বাজি, জুয়া, পোকার, রামি, ফ্যান্টাসি স্পোর্টস ও লটারির মতো খেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই গেম চালানো, বিজ্ঞাপন দেওয়া বা আর্থিক লেনদেন করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধীদের সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বিজ্ঞাপনের ক্ষেত্রে ২ বছর পর্যন্ত জেল ও ৫০ লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে।

সরকার জানিয়েছে, অনলাইন মানি গেম শুধু আর্থিক ক্ষতি নয়, আসক্তি ও মানসিক চাপের ফলে পরিবার ভেঙে যাচ্ছে, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। পাশাপাশি মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ বার্তা বিনিময়ের মতো কর্মকাণ্ডে এই প্ল্যাটফর্মগুলির অপব্যবহার হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।

Advertisement
ads ads

বিশেষজ্ঞদের মতে, এই আইন একদিকে যেমন দেশের গেমিং শিল্পে উদ্ভাবন, কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ তৈরি করবে, অন্যদিকে ক্ষতিকর মানি গেম বন্ধ করে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলবে। সরকার বিশ্বাস করে, এর ফলে ভারত বৈশ্বিক গেমিং বাজারে একটি দায়িত্বশীল নেতৃত্বের আসনে পৌঁছাবে।

Continue Reading
Advertisement ads