অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলার পর বাংলার সাহায্যে আপ্লুত, মমতাকে কাশ্মীরে আমন্ত্রণ ওমর আবদুল্লার
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে (Pahalgam) সন্ত্রাসবাদী হামলার পর পশ্চিমবঙ্গ সরকারের মানবিক ভূমিকার জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ধন্যবাদ জ্ঞাপন করেই থেমে থাকেননি, সঙ্গে জানিয়েছেন আমন্ত্রণও— অন্তত একবার যেন ‘দিদি’ ভূস্বর্গে আসেন অতিথি হয়ে।
সম্প্রতি কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ওমর আবদুল্লা বলেন, “আমি তো বহুবার এসেছি বাংলায়। এবার দিদিকে কাশ্মীরে চাই। বাংলার মানুষ কাশ্মীরে বেশি করে ভ্রমণ করুন, সেটাই আমার আবেদন।” তিনি জানান, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরের পর্যটন কার্যত মুখ থুবড়ে পড়েছিল। হোটেল, বাজার, বিমান পরিষেবা— সবই ছিল ফাঁকা। কিন্তু এখন ফের ঘুরে দাঁড়াচ্ছে উপত্যকা। দিনে ৫০টির পরিবর্তে বিমান চলছিল মাত্র ১৫টি, এখন তা বেড়ে ২০-২৫ হয়েছে। কলকাতা থেকেও সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ যাত্রী প্রতীক্ষালয় ও বেবি ফিডিং রুম নির্মাণে এগোচ্ছে রায়গঞ্জ, উদ্যোগে সাংসদ কার্তিক চন্দ্র পাল
পাশাপাশি তিনি বলেন, “আমি Empty Kashmir প্রমোট করতে আসিনি। এসেছি সম্ভাবনার কথা বলতে।” নিরাপত্তার বিষয়ে তাঁর বার্তা— “Security Forces 100% alert, অমরনাথ যাত্রায় লক্ষাধিক ভক্ত এসেছেন, কেউ নিরাপত্তাহীনতা বোধ করেননি।”
উল্লেখ্য, হামলার পর পালটা জবাব দিয়েছিল ভারত— ‘অপারেশন সিঁদুর’। পরে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠায়। সেই সহানুভূতির দৃষ্টান্তকে সাধুবাদ জানিয়ে ওমর বলেন, “শুধু রাজনৈতিক নয়, মানবিক সম্পর্ক গড়ে উঠুক বাংলা ও কাশ্মীরের মধ্যে।”
বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে— “দুর্গাপুজোয় আসুন বাংলায়।” এবার দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হোক, এমনটাই প্রত্যাশা।
