ভাইরাল খবর
ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগে বেলডাঙার কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর
ডিজিটাল ডেস্কঃ একযুগ আগের ঘটনায় বিস্ফোরক অভিযোগ! চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha, Beldanga) সন্ন্যাসী কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে। ২০১৩ সালে ঘটেছে এই ঘটনা, অভিযোগ করছেন এক মহিলা, যিনি সম্প্রতি মুর্শিদাবাদের নবগ্রাম থানায় (Nabagram PS, Murshidabad) লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারিণীর দাবি, একাধিকবার তাঁর উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন মহারাজ। এমনকি একবার জোর করে গর্ভপাত পর্যন্ত করানো হয় বলে জানান তিনি। এই ঘটনায় তাঁর নিরাপত্তার আশঙ্কা তৈরি হওয়ায়, পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘প্রোটেকশন’ দেওয়া হয়েছে। মহিলার বক্তব্য, “আমার উপরে যে কোনও সময় হামলা হতে পারে। তাই পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে।”
আরও পড়ুনঃ কসবা ধর্ষণ-কাণ্ডে বিতর্কিত মন্তব্য, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় মদন মিত্রকে শোকজ করল তৃণমূল
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কার্তিক মহারাজ। তাঁর পাল্টা দাবি, “আমার বিরুদ্ধে ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগ করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। আইন তার নিজের পথে চলবে।”
এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) প্রশ্ন তুলেছেন, “একযুগ আগে ঘটে যাওয়া ঘটনায় এখন কেন অভিযোগ? আগে কেন মুখ খোলেননি তিনি? হিন্দু স্বার্থে মুখ খুললেই কি মিথ্যে মামলায় ফাঁসানো হবে?” পাশাপাশি, সুকান্ত পুলিশি তদন্তের দাবিও জানিয়েছেন।
এদিকে, তৃণমূল কংগ্রেস (TMC) এই ইস্যুতে সুর চড়িয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ভদ্রমহিলার অভিযোগের পরও কেন কার্তিক মহারাজ এখনও গ্রেফতার হননি? বিজেপির ছত্রছায়ায় থেকেই কি এত সাহস পাচ্ছে ওঁরা? ধর্মের নাম করে সমাজকে কলুষিত করছেন এঁরা।”
একদিকে তদন্ত চলছে, অন্যদিকে অভিযোগ ও পাল্টা অভিযোগে ক্রমশ উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি।
