করোনাভাইরাস
করোনায় ফের মৃতের সংখ্যা বাড়ছে, সতর্কতা জারি হাসপাতালগুলিতে
ডিজিটাল ডেস্কঃ ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (Covid-19)। দেশের বিভিন্ন প্রান্তে হু-হু করে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৩০২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। বিশেষ উদ্বেগের বিষয়, সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে কেরল (Kerala), যেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ১,৩৭৩ জন।
কেরলের পরেই অবস্থান করছে মহারাষ্ট্র (Maharashtra), যেখানে আক্রান্তের সংখ্যা ৫১০। গুজরাটে (Gujarat) ৪৬১ জন, দিল্লিতে (Delhi) ৪৫৭ জন এবং পশ্চিমবঙ্গে (West Bengal) নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩২ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ এফবিআই গ্রেফতার দুই চিনা গবেষক, বিপজ্জনক ছত্রাক পাচারের ঘটনা ফাঁস
এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে হাসপাতালগুলিতে মক ড্রিল চালানোর নির্দেশ দিয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মাস্ক পরার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি, কোভিড উপসর্গ দেখা দিলে অবিলম্বে টেস্ট করানোর আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে ছড়িয়ে পড়া করোনা সাব-ভেরিয়েন্ট JN.1 মূলত সর্দি, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, ঘুমের সমস্যা ও মাংসপেশিতে ব্যথার মতো উপসর্গ তৈরি করছে। চিকিৎসকদের মতে, এই উপসর্গগুলি ইনফ্লুয়েঞ্জার সঙ্গেও মিলে যেতে পারে, তাই উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করা জরুরি।
জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বারবার হাত ধোওয়া, মাস্ক ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
