কালীগঞ্জে বিজেপির প্রার্থী ঘোষণা, তৃণমূলের প্রয়াত বিধায়কের কন্যার বিরুদ্ধে লড়াই
Connect with us

ভাইরাল খবর

কালীগঞ্জে বিজেপির প্রার্থী ঘোষণা, তৃণমূলের প্রয়াত বিধায়কের কন্যার বিরুদ্ধে লড়াই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নদিয়া জেলার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By-election) দিন ধার্য হয়েছে আগামী ১৯ জুন। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও বাম-সমর্থিত কংগ্রেস (Congress) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শনিবার বিজেপিও (BJP) তাদের তরফে প্রার্থীর নাম প্রকাশ করল। কালীগঞ্জের মাটির ছেলে আশিস ঘোষ (Ashis Ghosh) বিজেপির টিকিটে লড়বেন এই আসনে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আশিস ঘোষ বর্তমানে কালীগঞ্জ বিধানসভার কনভেনার এবং জেলা কমিটির সদস্য। এর আগে তিনি বিজেপির কিষান মোর্চা ও মণ্ডল সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। একই সঙ্গে তিনি চারবার পঞ্চায়েত সদস্যও নির্বাচিত হয়েছেন। এক কথায়, দীর্ঘদিন ধরেই তিনি এলাকার রাজনীতিতে সক্রিয়। ফলে স্থানীয় নেতৃত্বের উপর আস্থা রেখেই প্রার্থী বাছাই করল গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের হাজিরায় অনিয়ম, পুলিশের ডেডলাইন পেরিয়ে গেলেও দেখা নেই তৃণমূল নেতার

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ (Nasiruddin Ahmed)। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যু হওয়ায়, শূন্য হয়ে পড়ে কালীগঞ্জ আসন। তাঁর মৃত্যুর পরই উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়।

Advertisement
ads ads

এই আসনে তৃণমূল কংগ্রেস প্রয়াত বিধায়কের কন্যা রেজওয়ানা আহমেদকে (Rezwana Ahmed) প্রার্থী করেছে। অন্যদিকে, প্রার্থী বাছাই নিয়ে কিছুটা দ্বিধায় ছিল বামফ্রন্ট। প্রথমে সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) জানিয়েছিলেন, বামেরাই প্রার্থী দেবে। তবে শরিকদের চাপ এবং ২০১৬ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় রেখে, শেষপর্যন্ত আসনটি কংগ্রেসকে ছাড়ে সিপিএম। ফলে, এই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে বামফ্রন্ট।

উল্লেখ্য, ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জ ছিল আরএসপি (RSP)-র শক্ত ঘাঁটি। এরপর পরিবর্তনের হাওয়ায় আসনটি বামদের হাতছাড়া হয়। ২০১৬ সালে অবশ্য বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। সেই অতীত ঘিরে ফের একবার বিরোধী জোট এই আসনে প্রাসঙ্গিকতা ফেরাতে মরিয়া।

ফলে, একদিকে শাসক দলের সহানুভূতির প্রার্থী, অন্যদিকে বিরোধী ঐক্য আর তার মাঝখানে বিজেপির ‘ভূমিপুত্র’—সব মিলিয়ে কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads