মোদির সভায় ডাক নেই দিলীপের, রাজ্য বিজেপিতে দূরত্ব ফের প্রকাশ্যে
Connect with us

ভাইরাল খবর

মোদির সভায় ডাক নেই দিলীপের, রাজ্য বিজেপিতে দূরত্ব ফের প্রকাশ্যে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরসূচি থাকলেও সেখানে দেখা মিলবে না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা—তবে কি রাজ্য বিজেপিতে আরও একধাপ পিছিয়ে পড়ছেন দিলীপ?

বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। বেশ স্পষ্টভাবেই জানান, “উত্তরবঙ্গের কর্মসূচিতে ওখানকার কর্মীরা থাকবেন। প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসবেন, আমরা তখন থাকব। যাঁরা পদাধিকারী, তাঁদের তো প্রোটোকল অনুযায়ী থাকতে হয়। আমি কোনও পদে নেই, সাধারণ কর্মী হিসেবে রয়েছি।”

তবে তাঁর কথাতেই ফুটে উঠেছে একরাশ আক্ষেপও। বলেন, “আমি তো সাধারণ কর্মী। এখানেই থাকি। যখন এখানে (কলকাতা) আসবেন, তখন দেখা হবে।” যদিও তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু তাঁর বক্তব্যে রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভের ইঙ্গিত ছিল স্পষ্ট।

আরও পড়ুনঃ বাংলায় পা রাখার আগেই মোদীর তোপ তৃণমূলের বিরুদ্ধে, পালটা প্রশ্ন শাসকদলের

Advertisement
ads

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। চলতি লোকসভা নির্বাচনে মেদিনীপুরের বদলে আসানসোলে প্রার্থী হওয়ায় সেই দূরত্ব আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে। তার মধ্যেই তাঁর বিয়ে এবং দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে বসে সৌজন্য সাক্ষাৎ অনেক বিজেপি কর্মীর মধ্যে অসন্তোষের জন্ম দেয়। এমনকি সেই সময় তাঁকে সস্ত্রীক দলীয় কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়।

এই প্রেক্ষাপটে মোদির সফরে তাঁকে আমন্ত্রণ না জানানো কি সেই অসন্তোষের প্রকাশ? দলের অন্দরেই কি তাঁকে কার্যত দূরে ঠেলে দেওয়ার প্রক্রিয়া চলছে? এমন প্রশ্নে দিলীপ অবশ্য তাঁর চিরাচরিত ভঙ্গিতে জবাব দেন, “কে করল, কে করল না, তাতে কিছু যায় আসে না। দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি।”

সঙ্গে যোগ করেন, “দল আমাকে মর্যাদা দিয়েছে, নানা পদে রেখেছে। এখন সাংবিধানিক নিয়মে সারা দেশে কমিটি গঠনের কাজ চলছে। ভবিষ্যতে যদি দল আমায় নতুন দায়িত্ব দেয়, তবে আমি পালন করব।”

তবে দিলীপ ঘোষ যতই বিষয়টি হালকা করে দেখানোর চেষ্টা করুন, বিজেপির অন্দরমহলে কিন্তু আলাদা সুর শোনা যাচ্ছে। নেতাদের একাংশের মতে, দিলীপের প্রতি ক্ষোভ এখন আর গোপন নয়। বৃহস্পতিবারের ঘটনাই বুঝিয়ে দিল, রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব কতটা বেড়েছে।

Advertisement
ads

দল থেকে এখনও তাঁর বিরুদ্ধে কোনও প্রকাশ্য পদক্ষেপ না নেওয়া হলেও, বাস্তবে দিলীপ ঘোষ যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন—রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির এই সফর সেই বাস্তবতাকেই ফের একবার স্পষ্ট করে দিল।

Continue Reading
Advertisement