হাই কোর্ট
মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করেই, মালদহ হয়ে মুর্শিদাবাদের পথে রাজ্যপাল
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতির মধ্যে শুক্রবার সকালে মুর্শিদাবাদ অভিমুখে যাত্রা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও সেখানে না যাওয়ার অনুরোধ সত্ত্বেও সফরের সিদ্ধান্তে অনড় রাজ্যপাল। এ দিন সকাল ৯টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে মালদহগামী ট্রেনে রওনা দেন তিনি। সূত্রের খবর, শুক্রবার রাতে মালদহ সার্কিট হাউসে অবস্থান করবেন, পরদিন সকালে মুর্শিদাবাদের অশান্ত এলাকায় পৌঁছবেন।
জানা গিয়েছে, রাজ্যপাল শনিবার শমসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মতো উত্তপ্ত এলাকা পরিদর্শন করতে পারেন। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে ওই অঞ্চলগুলোতে অশান্তি ছড়ায়, যার জেরে প্রাণ হারিয়েছেন তিনজন। রাজ্যপালের পরিকল্পনায় রয়েছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঘরছাড়া হয়ে পড়া মানুষজনের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ হিংসায় মানবাধিকার ও আইনি সহায়তা কর্তৃপক্ষকে নিয়ে ত্রিস্তরীয় কমিটি
এদিকে শুক্রবার মালদহ পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। তারা এলাকায় গিয়ে শরণার্থীদের ক্যাম্প ঘুরে দেখছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলছেন। তাঁদের সঙ্গেই উপস্থিত হয়েছেন জাতীয় মহিলা কমিশনের তিন প্রতিনিধি। রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতারা। তাঁদের পাঁচ দফা দাবির প্রেক্ষিতেই রাজ্যপাল ওই সফরের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই সফরের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অনুরোধ করেছিলেন, এই মুহূর্তে যাতে কেউ ঘটনাস্থলে না যান। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি নিজেও যেতে পারতাম, যাইনি। এখন আমাদের দায়িত্ব শান্তি বজায় রাখা এবং মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা।”
তবে সেই অনুরোধ উপেক্ষা করেই রাজ্যপালের সফর নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
