মালদহ থেকে কলকাতায় বেআইনি অস্ত্র! এসটিএফের জালে ধৃত দুই যুবক
Connect with us

মালদা

মালদহ থেকে কলকাতায় বেআইনি অস্ত্র! এসটিএফের জালে ধৃত দুই যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম পিস্তল, দুটি ভর্তি কার্তুজ এবং একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।

ধৃতদের নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ (২৬) এবং আব্রাহিম শেখ (২৫)। দু’জনেরই বাড়ি মালদহের কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বেআইনিভাবে অস্ত্র মজুত করছিল বলে গোপন খবর পান এসটিএফ আধিকারিকরা। এরপরই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি পিস্তল ও কার্তুজ।

আরও পড়ুনঃ বেলেঘাটায় রক্তাক্ত দেহ! খুন নাকি প্রতিশোধ? রহস্য ঘনাচ্ছে যুবকের মৃত্যু

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোবারকের কাছে ছিল একটি ৭এমএম পিস্তল ও দুটি ভর্তি কার্তুজ, আর আব্রাহিমের কাছ থেকে পাওয়া গেছে একটি খালি কার্তুজ সহ আরেকটি ৭এমএম পিস্তল।

Advertisement
ads

পুলিশ এখন খতিয়ে দেখছে, ধৃতরা এই অস্ত্র কোথা থেকে পেয়েছিল? কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না? তারা কি কোনও অপরাধচক্রের সঙ্গে যুক্ত? মালদহ থেকে কলকাতায় আসার আসল উদ্দেশ্য কী? অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জেরা করে আরও তথ্য বের করার চেষ্টা চলছে।