বিশ্বের খবর
পাকিস্তানের পঞ্জাবে বলিউড গানের উপর নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা
ডিজিটাল ডেস্কঃ বলিউডের গান শুধু ভারতে নয়, পাকিস্তানেও বেশ জনপ্রিয়। তবে এবার সে দেশে বলিউডের গানের ওপর কড়াকড়ি আরোপ করা হলো। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বলিউডের কোনো গান বাজানো, গাওয়া কিংবা সেসব গানের সঙ্গে নাচা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি ও বেসরকারি কলেজগুলোর জন্য এই কঠোর নির্দেশনা জারি করেছে মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন পঞ্জাব সরকার।
নতুন বিধিনিষেধ অনুযায়ী, কলেজগুলোতে ‘অনৈতিক ও অশ্লীল’ কার্যকলাপ বন্ধ করতে হবে। ভারতীয় গান গাওয়া বা বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের ‘আপত্তিকর’ পোশাক পরেও কোনো নাচের আয়োজন করা যাবে না। এই নিষেধাজ্ঞা ১৪ মার্চ থেকে কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ অনুপ্রবেশ, কারাবাস, আর শেষ পর্যন্ত মৃত্যু—বিজলি রায়ের করুণ পরিণতি
এই আকস্মিক সিদ্ধান্তে পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বলিউডের গান পাকিস্তানে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। তাই এই সিদ্ধান্ত নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
