উত্তর দিনাজপুর
গণনা কেন্দ্র প্রবেশ করতে করোনা টেস্ট করাচ্ছেন রায়গঞ্জের সাংবাদিকেরা
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ এপ্রিল : আগামী ২ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা। উত্তর দিনাজপুরের ৯ টি বিধানসভা আসনের ভোট গণনা হবে ইসলামপুর ও রায়গঞ্জ পলিটেকনিক কলেজে৷
কিন্তু ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে নিয়েই প্রবেশ করতে হবে সাংবাদিকদেরও৷ এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ফলে এই নির্দেশের পর শুক্রবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে সোয়াব টেস্ট করালেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এতদিন মিটিং মিছিল হল। ভোট হল। তখন করোনার কথা মনে ছিল না নির্বাচন কমিশনের। অথচ এখন ভোটের কাউন্টিংয়ের সময় কমিশনের করোনার সংক্রমণের বিষয়টি খেয়াল হল। ইয়ে এক তাজ্জব ব্যাপার। সাংবাদিকদের ফ্রন্টওয়ার্কার হিসেবে আগেই টিকা দেওয়া উচিত ছিল অথচ তা করা হয় নি। এখন কমিশনের তরফে বলা হচ্ছে করোনা নেগেটিভ রিপোর্ট থাকলে অথবা ভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া থাকলে তবেই গণনা কেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। পেশা হিসেবে দায়বদ্ধতার কথা মাথায় রেখে ও মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার স্বার্থেই কমিশনের সেই নির্দেশ পালন করতে হচ্ছে আমাদের৷ কারণ ভোটের গণনার খবর জানতে মানুষ ২ মে দিনভর টিভির পর্দায় চোখ রাখবেন। তাই সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যারা গণনা কেন্দ্রে যাবেন তাঁরা এদিন সোয়াব টেস্ট করালেন।
